ভুটানের নারী ফুটবল লিগে ট্রান্সপোর্ট ইউনাইটেডের হয়ে খেলবেন সাফজয়ী মাসুরা পারভীন ও গোলরক্ষক রুপনা চাকমা। অন্যদিকে, পারো এফসির হয়ে খেলবেন জাতীয় দলের অধিনায়ক সাবিনা খাতুন, সাফের সেরা ঋতুপর্ণা চাকমা, সুমাইয়া ও মনিকা চাকমা। ভুটানের লিগে খেলতে ৬ এপ্রিল রওনা হবেন তারা। এরই মধ্যে বাফুফের ক্লিয়ারেন্স, নিবন্ধনসহ সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে তাদের। ভুটান লিগের পর এবার ডেনমার্কেও বাংলাদেশের নারী ফুটবলারদের খেলার দারুণ সম্ভাবনা জেগেছে। কেননা আগামী জুনে ডেনমার্ক নারী লিগের অন্যতম ক্লাব ফরচুনা হজরিংয়ের ডিরেক্টর ফ্রাঙ্ক বাংলাদেশে আসছেন। বিদেশি ফুটবলারদের নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সঙ্গে সমন্বয়ক হিসেবে কাজ করছেন ডেনমার্কের বাংলাদেশি প্রবাসী সাকিব মাহমুদ। তিনি আমার দেশকে বলেন, ‘আগামী জুনের শেষের দিকে বাফুফে প্রবাসী ফুটবলারদের ট্রায়াল নেবে। তখন আমার সঙ্গে বাংলাদেশ সফর করবেন ফরচুনা হজরিংরের ডিরেক্টরও। বাংলাদেশের নারী ফুটবলারদের ট্রায়ালে দেখবেন। সেখানে থেকে অন্তত চার থেকে পাঁচজন ফুটবলারকে ডেনমার্কের লিগে খেলানোর জন্য আনা হবে। এই সংখ্যা আরো বাড়তে পারে। আমি ক্লাবটির সঙ্গে কথা বলেছিল, তারা বলে ডেনমার্ক লিগে বাংলাদেশি নারী ফুটবলারদের জন্য দরজা খেলা।’ বয়সভিত্তিক পর্যায়ে এএফসি কাপে বাংলাদেশ খেলার কীর্তি দেখিয়েছে। বাংলাদেশ সিনিয়র নারী দল দক্ষিণ এশিয়া অঞ্চলে টানা দুইবার শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। তাই তাদের দিকেই নজর পড়েছে ইউরোপের ক্লাবেরও। আগামী জুনেই ইউরোপের ক্লাবে খেলার সুযোগ মিলতে পারে বাংলাদেশের সাফজয়ীদের।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

