গ্রুপ পর্বের লড়াই শেষ। মিশন এবার রাউন্ড অব সিক্সটিন। আজ শনিবার থেকে মাঠে গড়াচ্ছে ফিফা ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোর ‘যুদ্ধ’। শুরু হচ্ছে ১৬ দলের কোয়ার্টার ফাইনালে উঠার লড়াই। নক আউট রাউন্ডের পর্দা উঠতে যাচ্ছে অল ব্রাজিলিয়ান ম্যাচ দিয়ে। ফিলাডেলফিয়ায় লিংকন ফিনান্সিয়াল ফিল্ডে রাত ১০টায় মুখোমুখি হচ্ছে পালমেইরাস ও বোতাফোগো।
‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নক আউটে নাম লিখেছে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাস। এক জয়ের সঙ্গে দুই ড্রয়ে ৫ পয়েন্ট সংগ্রহ করা দলটি এবার মাঠে নামছে নতুন মিশনকে সামনে রেখে। পর্তুগিজ ক্লাব পোর্তো (০-০) ও লিওনেল মেসির ইন্টার মিয়ামির (২-২) সঙ্গে ড্র করলেও মাঝে মিশরীয় ক্লাব আল আহলিকে ২-০ গোলে হারায় তারা। পালমেইরাসের প্রতিপক্ষ বোতাফোগো ৬ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপ রানার্স আপ হলেও চমক দেখিয়েছে তারা মাঠের লড়াইয়ে। দুই জয়ের বিপরীতে একটি ম্যাচ হেরেছে ক্লাবটি। চ্যাম্পিয়নস লিগ জয়ী প্যারিস সেন্ট জার্মেইকে (পিএসজি) ১-০ গোলে ধরাশায়ী করে শেষ ষোলোতে নাম লিখেছে বোতাফোগো। তার আগে স্বাগতিক দল সিয়াটল সাউন্ডার্সকে ২-১ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করে বোতাফোগো। শেষ ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে হার মানে অবশ্য ১-০ গোলে। আজও নতুন চমক দেখাতে চাইবে তারা।
নকআউট পর্বে খেলতে নামছে চেলসিও। শেষ আটে উঠার লড়াইয়ে ইউরোপিয়ান এই জায়ান্ট টিমের প্রতিপক্ষ পর্তুগিজ ক্লাব বেনফিকা। শার্লটের ব্যাংক অব আমেরিকো স্টেডিয়ামে আজ রাত ২টায় একে অন্যকে মোকাবিলা করবে দুদল। দ্য ব্লুজ শিবির অবশ্য ‘ডি’ গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারেনি। দুই জয় আর এক হারে ৬ পয়েন্টের পুঁজি নিয়ে হয়েছে রানার্স-আপ। যুক্তরাষ্ট্রের ক্লাব লস অ্যাঞ্জেলেস (২-০) ও তিউনেশিয়ার ইএস তিউনিসকে (৩-০) হারালেও ব্রাজিলের ফ্ল্যামেঙ্গোর কাছে ৩-১ গোলে হারে স্টামফোর্ড ব্রিজ শিবির।
চেলসির মাঠের ‘শত্রু’ বেনফিকা কিন্তু শেষ ষোলোতে পা রেখেছে ‘সি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে। দুই জয় আর এক ড্রয়ে ৭ পয়েন্টের সংগ্রহ গড়ে তারা গ্রুপ পর্বে। কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার সাবেক ক্লাব বোকা জুনিয়র্সের কাছে ২-২ গোলে আটকে গিয়েছিল বেনফিকা নিজেদের প্রথম ম্যাচে। পরে নিউজিল্যান্ডের অকল্যান্ড সিটিকে বিধ্বস্ত করে ৬-০ গোলে। আর গ্রুপ পর্বের শেষ ম্যাচে আরও বড় চমক দেখিয়েছে তারা। জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখকে ১-০ গোলে হতবাক করে ক্রিশ্চিয়ানো রোনালদোর দেশের ক্লাবটি। আজও কি নতুন ইতিহাস গড়তে পারবে দলটি? উত্তরটা জানতে চোখ রাখতে হবে মাঠের লড়াইয়ে।
মুখোমুখি
ফিফা ক্লাব বিশ্বকাপ: শেষ ষোলো
পালমেইরাস-বোতাফোগো
বেনফিকা-চেলসি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

