বিশ্বকাপ ফুটবলের পর থেকেই আন্তর্জাতিক আঙিনায় নেইমার জুনিয়রের ভবিষ্যৎ নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছিল, তার অবসান ঘটল। ব্রাজিলের ঐতিহাসিক 'হলুদ জার্সিতে' আর দেখা যাবে না সময়ের অন্যতম সেরা এই তারকাকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেলেসাওদের কোচ কার্লো আনচেলত্তি আনুষ্ঠানিকভাবে নেইমারের এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন।
নেইমার-অধ্যায়ের আনুষ্ঠানিক সমাপ্তি
গত বিশ্বকাপের হতাশাজনক বিদায়ের পর নেইমার নিজেই সংকেত দিয়েছিলেন আন্তর্জাতিক ক্যারিয়ার গুটিয়ে নেওয়ার। পরে সাক্ষাৎকারেও একই কথা জানিয়ে ছিলেন এ ব্রাজিলিয়ান তারকা। সিএনএন এস্পোর্তেসকে দেওয়া এক সাক্ষাৎকারে কোচ কার্লো আনচেলত্তি বলেন, 'নেইমারের মান ও সামর্থ্যের কারণে তার বিশ্বকাপে থাকা উচিত ছিল। তবে সে নিজেই নিশ্চিত করেছে যে জাতীয় দলে আর ফিরতে চায় না। নেইমারের মতো অসাধারণ ও অনন্য প্রতিভার বিকল্প খুঁজে পাওয়া অসম্ভব।'
নেইমারের সিদ্ধান্তে ব্রাজিলের এক সোনালী অধ্যায়ের সমাপ্তি ঘটল, তবে আনচেলত্তি এখন ভবিষ্যতের দিকে নজর দিচ্ছেন।
দীর্ঘদিন ধরে ব্রাজিল দলের অন্যতম সমালোচনা ছিল—একক নৈপুণ্য প্রদর্শনে খেলোয়াড়দের মাত্রাতিরিক্ত ঝোঁক। কার্লো আনচেলত্তি এই ধারায় বড় ধরনের পরিবর্তনের আভাস দিয়েছেন। তিনি জোর দিয়েছেন দলীয় ফুটবলের ওপর।
আনচেলত্তির ভাষায়, 'আধুনিক ফুটবলে একক প্রতিভার চেয়ে দলগত কাজ বা টিমওয়ার্কটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। একক প্রতিভা হয়তো জয়ের সম্ভাবনা তৈরি করে, কিন্তু টেকসই সাফল্য পেতে দলগত শক্তিই আসল। আমরা কোনো নির্দিষ্ট তারকার ওপর নির্ভরশীল না হয়ে একটি শক্তিশালী ও সংহত দল হিসেবে ব্রাজিলকে গড়ে তুলতে চাই।'
নেইমারের বিদায়ের মাধ্যমে ব্রাজিলের ফুটবলে যে রূপান্তর শুরু হলো, তা কতটুকু সাফল্য এনে দেবে সেদিকেই এখন তাকিয়ে আছে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা সেলেসাও ভক্তরা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

