আর্জেন্টাইন ক্লাবের শতবর্ষী বিশ্ব রেকর্ড ভেঙে দিয়েছে রোনালদোর আল নাসর

আর্জেন্টাইন ক্লাবের শতবর্ষী বিশ্ব রেকর্ড ভেঙে দিয়েছে রোনালদোর আল নাসর

বিশ্ব ফুটবলে নতুন এক ইতিহাস সৃষ্টি করেছে সৌদি আরবের ফুটবল ক্লাব আল নাসর। প্রায় এক শতাব্দী পুরোনো একটি রেকর্ড ভেঙে শীর্ষ লিগে টানা সর্বাধিক ম্যাচে গোল করার বিশ্ব রেকর্ড এখন ক্রিশ্চিয়ানো রোনালদোর দলের দখলে।

বিজ্ঞাপন

সৌদি প্রো লিগের ম্যাচে সবশেষ আল খালিজের মুখোমুখি হয়েছে আল নাসর। ম্যাচটি ১-১ গোলে ড্র হলেও ক্লাবটি গড়ে তোলে নতুন মাইলফলক। ম্যাচের ৭২তম মিনিটে সমতাসূচক গোলটি করে দলকে ইতিহাস এনে দেন ২৭ বছর বয়সী ফরোয়ার্ড আব্দুল্লাহ আল-হামদান।

এই গোলের মাধ্যমে আল নাসর সৌদি প্রো লিগে টানা ৯৪ ম্যাচে অন্তত একটি করে গোল করার গৌরব অর্জন করেছে। এর মধ্য দিয়ে তারা ১৯৩৩ থেকে ১৯৩৬ সাল পর্যন্ত আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ক্লাব রিভার প্লেটের গড়া টানা ৯৩ ম্যাচে গোলের বিশ্ব রেকর্ডটি পেছনে ফেলে দিয়েছে তারা।

২০২৩ সালের ডিসেম্বরে আল হিলালের কাছে ৩-০ গোলে পরাজিত হওয়ার পর থেকেই মূলত আল নাসরের এই অবিচল যাত্রা শুরু হয়। এর পরের ম্যাচে আল রিয়াদকে ৪-১ ব্যবধানে হারিয়ে গোল করার যে ধারাবাহিকতা শুরু হয়েছিল, তা এখন পর্যন্ত অব্যাহত রয়েছে।

বিশ্ব রেকর্ড গড়লেও ম্যাচের ফলাফল উদযাপন করতে পারেনি আল নাসর। রেলিগেশন জোনের ঠিক উপরে থাকা দল আল খালিজের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করার ফলে লিগ টেবিলে ৩ নম্বর স্থানে নেমে গেছে তারা। বর্তমানে তারা টেবিলের শীর্ষে থাকা আল হিলালের চেয়ে ২ পয়েন্ট এবং দ্বিতীয় স্থানে থাকা আল ইত্তিহাদের চেয়ে ১ পয়েন্টে পিছিয়ে রয়েছে।

২০২৩ সালে আল নাসরে যোগ দেওয়ার পর থেকে ক্লাবটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন ৪১ বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনালদো। সৌদি প্রো লিগে ১১৩ ম্যাচ খেলে ইতিমধ্যেই ১০৫টি গোল করেছেন তিনি। ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে প্রথম ফুটবলার হিসেবে ১ হাজার গোলের ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করার লক্ষ্যে রয়েছেন এই পর্তুগিজ তারকা। বর্তমানে সব মিলিয়ে তার ক্যারিয়ার গোলের সংখ্যা ৯৭৯টি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন