নারী ওয়ানডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়াকু পুঁজি পেয়েছে বাংলাদেশ। স্বর্ণা আক্তারের ঝড়ো ফিফটিতে ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৩২ রান করেছে নিগার সুলতানা জ্যোতির দল। স্বর্ণা ৩৫ বলে সমান ৩টি করে চার-ছক্কায় ৫১ রানে অপরাজিত ছিলেন। ফিফটি করেছেন ওপেনিং ব্যাটার শারমিন আক্তার সুপ্তাও (৫০)। এছাড়া ৩২ রান করেন জ্যোতি, ৩০ রান করেন ফারজানা হক পিংকি।
নারী ক্রিকেটের ওয়ানডে ফরম্যাটে ১৪ বছরের ইতিহাসে কেবল ২৭টি ছক্কা হাঁকিয়েছে বাংলাদেশ, যার মধ্যে স্বর্ণা আক্তার একাই মেরেছেন ৫টি। এই ৫টি ছক্কার ৩টিই এসেছে এক ম্যাচে, আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। আরও একটি কীর্তি গড়েছেন স্বর্ণা। ৩৪ বলে হাঁকিয়েছেন অর্ধশতক, বাংলাদেশের নারী ওয়ানডেতে দ্রুততম।
ব্যাট করতে নেমে বাংলাদেশের রানের ভিতটা গড়ে দিয়েছিলেন দুই ওপেনার ফারজানা হক পিংকি ও রুবাইয়া হায়দার ঝিলিক। শুরুর ১০ ওভারে দুজন তোলেন ২৮ রান। ৫৩ রানের মাথায় ভাঙে এই জুটি। ৭৬ বলে ৩০ রান করে আউট হন ফারজানা হক।
এই জুটির ওপর দাঁড়িয়ে দলকে টেনে নেন শারমিন আক্তার ও অধিনায়ক নিগার সুলতানা। দুজনের ৯১ বলের জুটিতে আসে ৭৭ রান। ৪২ বলে ৩২ রান করে নিগার আউট হয়ে গেলে উইকেটে আসেন স্বর্ণা। এর মধ্যেই শারমিন ফিফটি তুলে নেন। রানআউটে শেষ হয় শারমিনের ইনিংস।
স্বর্ণা শুরু থেকেই ছিলেন মারমুখী। দ্বিতীয় বলে সুইপ করে বাউন্ডারি মেরে বার্তা দিয়ে রাখা স্বর্ণা ৩ ছক্কা আর সমান চারে ৩৫ বলে ৫১ রান করে অপরাজিত থাকেন। স্বর্ণার আগে এই ফরম্যাটে বাংলাদেশের হয়ে দ্রুততম ফিফটির রেকর্ডটি ছিল নিগার সুলতানার। গত এপ্রিলে লাহোরে বিশ্বকাপ বাছাইপর্বে স্কটল্যান্ডের বিপক্ষে ৩৯ বলে ফিফটি করেছিলেন বাংলাদেশ অধিনায়ক।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

