ট্রেডিং উইন্ডোতে অদলবদল জাদেজা-স্যামসন

ট্রেডিং উইন্ডোতে অদলবদল জাদেজা-স্যামসন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিলামের আগেই ট্রেডিং উইন্ডোর নিয়ম মেনে অদলবদল সম্পন্ন করেছেন ভারতীয় দুই তারকা ক্রিকেটার রবীন্দ্র জাদেজা ও সঞ্জু স্যামসন। চেন্নাই সুপার কিংস (সিএসকে) থেকে জাদেজা ফিরছেন রাজস্থান রয়্যালসে। বিপরীতে ১১ বছর রাজস্থানের হয়ে খেলা অধিনায়ক সঞ্জু স্যামসন পাড়ি জমাচ্ছেন চেন্নাই সুপার কিংসে। একই নিয়মে স্যাম কারানকেও অন্তর্ভুক্ত করেছে চেন্নাই।

সঞ্জু স্যামসন গত মৌসুম পর্যন্ত রাজস্থান রয়্যালসকে নেতৃত্ব দিয়েছিলেন। ১৮ কোটি টাকায় তাকে রিটেইন করেছিল দলটি। একই মূল্যে চেন্নাই জাদেজাকে ধরে রাখলেও, তাকে ১৪ কোটি টাকায় রাজস্থানের কাছে ট্রেড করা হয়েছে।

বিজ্ঞাপন

রাজস্থান রয়্যালসে ফেরা প্রসঙ্গে রবীন্দ্র জাদেজা আবেগপ্রবণ হয়ে বলেন, ‘রাজস্থান রয়্যালস আমাকে আমার প্রথম প্ল্যাটফর্ম এবং প্রথম জয়ের স্বাদ দিয়েছিল। ফিরে আসাটা বিশেষ অনুভূতির। এটা শুধু একটা দল নয়, এটা আমার ঘর। রাজস্থান রয়্যালসের সঙ্গেই আমি আমার প্রথম আইপিএল জিতেছিলাম এবং আমি আশা করি এই বর্তমান খেলোয়াড়দের নিয়ে আরও অনেক শিরোপা জিতব।’

অন্যান্য ট্রেডগুলির মধ্যে রয়েছে, সানরাইজার্স হায়দরাবাদ থেকে পেসার মোহম্মদ শামি তার ১০ কোটি টাকার চুক্তিতে লখনৌ সুপার জায়ান্টসের হয়ে খেলবেন। কলকাতা নাইট রাইডার্সের সাবেক অধিনায়ক নিতিশ রানা ৪.২ কোটি টাকায় রাজস্থান রয়্যালস থেকে দিল্লি ক্যাপিটালসে যোগ দিয়েছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন