গতকাল ছুটির দিন ক্রিকেট বোর্ডের কার্যালয়ে ছুটে যান বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ানো দুই প্রার্থী রফিকুল ইসলাম বাবু ও মির্জা ইয়াসির আব্বাস। তবে বিসিবি প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরীর সাক্ষাৎ পাননি তারা। পরে সংবাদ মাধ্যমের সামনে নতুন কিছু আবদার করেন মনোনয়নপত্র প্রত্যাহারকারীরা।
বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদের মেয়াদ বাড়ানো, নির্বাচন পেছানো ও প্রয়োজনে অ্যাডহক কমিটি গঠনের প্রস্তাব দেন তারা। আজাদ স্পোর্টিং ক্লাবের মির্জা ইয়াসির আব্বাস এবং ঢাকা বিভাগ থেকে পরিচালক পদের প্রার্থী আবদুল্লাহ মোহাম্মদ ফুয়াদ রেদুয়ানকে সঙ্গে নিয়ে সংবাদ মাধ্যমের সামনে এসব দাবি উপস্থাপন করেন রফিকুল ইসলাম।
রফিকুল ইসলাম নির্বাচন পেছানোর ব্যাখ্যায় বলেছেন, ‘এখানে ভালো ভালো ক্রীড়া সংগঠক অনুপস্থিত। আমরা চাই, তারা যেন নির্বাচনে অংশ নিতে পারেন, সেটার কিছু ব্যবস্থা করা।’ তিনি আরো বলেন, ‘এই দাবিগুলো ক্রীড়া উপদেষ্টার কাছে জানাতে চাই। উনি যথাযথ সুন্দর একটা সিদ্ধান্ত নেবেন, যেটার মাধ্যমে ক্রিকেট ক্ষতিগ্রস্ত হবে না। ক্রিকেট ক্রিকেটের জায়গায় থাকবে।’
রফিকুল ইসলাম জানান, ক্রিকেটেদের স্বার্থে সবার পক্ষ থেকে দাবিগুলো উপস্থাপন করেছেন তিনি। যদি নির্বাচনের সময় বাড়ানো হয়, তাহলে মনোনয়নপত্র প্রত্যাহারকারীরা সম্পৃক্ত থাকতে পারেন বলেও জানান এই ক্রিকেট সংগঠক। বিসিবি নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়ে ভুল করেছেন কি না? জবাবে রফিকুল বলেন, ‘আমি তা বলছি না। এটা একটা প্রতিবাদস্বরূপ করেছি। কিন্তু এটা থেকে উত্তরণের পথ আছে। আমরা চাই, সময় বাড়িয়ে পুনর্নিধারণ করা হোক। কয়েকটা প্রস্তাবনার মধ্যে এটাও আছে। নির্বাচনটা যেন প্রশ্নবিদ্ধ না হয়।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

