আগস্ট-রবিউল আউয়াল-ভাদ্র

মুসলিম বিশ্বের ইতিহাস ক্যালেন্ডার

মুসলিম বিশ্বের ইতিহাস ক্যালেন্ডার

২২ আগস্ট ১৬০২ : মোগল সম্রাট আকবরের ঘনিষ্ঠ সভাসদ, ইতিহাসবিদ ও মন্ত্রী আবুল ফজল ইবনে মুবারক নিহত হন। যুবরাজ সেলিমের ষড়যন্ত্রে বুন্দেলা রাজপুত বীর সিংহ তাকে নারওয়ারের কাছে হত্যা করেন। আবুল ফজল ছিলেন ‘আকবরনামা’ ও ‘আইনে আকবরি’র রচয়িতা এবং আকবরের শাসনামলের অন্যতম প্রধান ইতিহাসকার।

২২ আগস্ট ১৭০৩ : উসমানী সালতানাতের ২২তম সুলতান দ্বিতীয় মুস্তাফা সিংহাসনচ্যুত হন এবং তার ভাই তৃতীয় আহমেদ ২৩তম সুলতান হিসেবে সিংহাসনে আরোহণ করেন। দ্বিতীয় মুস্তাফার শাসনামলে ১৬৯৯ সালের কার্লোভিৎসের সন্ধির মাধ্যমে উসমানীরা হাঙ্গেরিসহ মধ্য ইউরোপের বিস্তীর্ণ ভূখণ্ড হারান।

বিজ্ঞাপন

২২ জমাদিউস সানি ১৩ হিজরি (২৩ আগস্ট ৬৩৪) : ইসলামের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক (রা.) ইন্তেকাল করেন। রাসুলুল্লাহ (সা.)-এর ইন্তেকালের পর তিনি মুসলিম উম্মাহর নেতৃত্ব গ্রহণ করেন। তার খেলাফতকালে রিদ্দার বিদ্রোহ দমন, খেলাফত রাষ্ট্রের ঐক্য পুনঃপ্রতিষ্ঠা ও কোরআন লিখিতভাবে সংকলনের উদ্যোগ নেওয়া হয়।

২৩ আগস্ট ১৯৪৪ : উসমানী সাম্রাজ্যের সর্বশেষ খলিফা দ্বিতীয় আবদুল মজিদ প্যারিসে ইন্তেকাল করেন। ১৯২২ সালে সুলতানাত বিলুপ্ত হওয়ার পর তিনি খলিফার দায়িত্ব গ্রহণ করেন এবং ১৯২৪ সালে তুরস্কে খিলাফত বিলুপ্ত হওয়া পর্যন্ত এ পদে ছিলেন।

২৪ আগস্ট ১৯২৯ : ফিলিস্তিনি রাজনীতিবিদ ও নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ইয়াসির আরাফাত জন্মগ্রহণ করেন। তিনি ফিলিস্তিনি জাতীয়তাবাদী আন্দোলনের অন্যতম নেতা এবং প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) প্রধান ছিলেন। ১৯৯৪ সালে ইসরাইলের সঙ্গে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টার কারণে ইৎজাক রবিন ও শিমন পেরেসের সঙ্গে যৌথভাবে তিনি নোবেল শান্তি পুরস্কার পান।

১ শাবান ২৫১ হিজরি (২৭ আগস্ট ৮৬৫) : প্রখ্যাত মুসলিম চিকিৎসাবিজ্ঞানী, দার্শনিক ও রসায়নবিদ আবু বকর মুহাম্মদ ইবনে জাকারিয়া আল-রাজী জন্মগ্রহণ করেন। চিকিৎসাবিজ্ঞানে তার অসামান্য অবদানের জন্য তিনি মুসলিম সভ্যতার স্বর্ণযুগের অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসাবিদ হিসেবে পরিচিত।

১২ রবিউল আউয়াল ৫৩ হিজরি-পূর্ব : মহানবী (সা.) মক্কায় জন্মগ্রহণ করেন।

১২ রবিউল আউয়াল ১ হিজরি (২৪ সেপ্টেম্বর ৬২২) : মক্কা থেকে হিজরত করে মহানবী (সা.) মদিনায় পৌঁছান।

১২ রবিউল আউয়াল ১১ হিজরি (৮ জুন ৬৩২) : মহানবী (সা.) মদিনায় ইন্তেকাল করেন।

২৯ আগস্ট ১৯৬৬ : মিসরীয় ইসলামি চিন্তাবিদ, লেখক ও রাজনৈতিক সংগঠক সাইয়েদ কুতুবের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ইখওয়ানুল মুসলিমনের অন্যতম প্রধান তাত্ত্বিক হিসেবে তিনি আধুনিক সময়ে ইসলামের রাজনৈতিক চিন্তায় গভীর প্রভাব রেখেছেন।

গ্রন্থনা : ইতিহাস ঐতিহ্য টিম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন