মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রভাব এবার পড়েছে আন্তর্জাতিক ক্রিকেট প্রশাসনেও। নিরাপত্তা পরিস্থিতির কারণে কাতারের দোহায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নির্ধারিত সভা স্থগিত করা হয়েছে।
আগামী ২৫ থেকে ২৭ মার্চ দোহায় এই বৈঠক হওয়ার কথা ছিল। তবে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের জেরে পশ্চিম এশিয়ার আকাশসীমা পুরোপুরি নিরাপদ না থাকায় শেষ পর্যন্ত সভাটি পিছিয়ে দেওয়া হয়।
ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, নতুন তারিখ এখনো নির্ধারণ করা হয়নি। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী এপ্রিলে সভা আয়োজনের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে উপমহাদেশের কোনো শহরে বিকল্প ভেন্যু খোঁজার বিষয়টিও বিবেচনায় রাখা হচ্ছে।
আইসিসির এই বৈঠকে বোর্ড পরিচালক, প্রধান নির্বাহী, বিভিন্ন কমিটির সদস্য ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের উপস্থিত থাকার কথা ছিল। সেখানে আন্তর্জাতিক ক্রিকেটের চলমান বর্ষপঞ্জি, ভবিষ্যৎ পরিকল্পনা এবং বৈশ্বিক ক্রিকেটের নতুন সুযোগ নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল।
এদিকে আজ ভারতের আহমেদাবাদে অনুষ্ঠিত হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল। শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। ফাইনাল ম্যাচটি দেখতে মাঠে উপস্থিত থাকার কথা রয়েছে আইসিসি সভাপতি জয় শাহর। এছাড়া নিউজিল্যান্ড ক্রিকেটের চেয়ারম্যান রজার থোস, জিম্বাবুয়ে ক্রিকেটের সভাপতি তাভেঙ্গা মুকুলানি এবং ক্রিকেট দক্ষিণ আফ্রিকার সভাপতি ড. মোহাম্মদ মুসাজিসহ আরও কয়েকজন বোর্ড কর্মকর্তা উপস্থিত থাকতে পারেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিরুল ইসলাম বুলবুল ফাইনালে উপস্থিত থাকবেন কি না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। বর্তমানে তিনি পরিবারের সঙ্গে অস্ট্রেলিয়ার মেলবোর্নে অবস্থান করছেন বলে জানা গেছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

