প্রথম ম্যাচের পর সংবাদ সম্মেলনে এসে ডিন ফক্সক্রফট বলেছিলেন, উইকেটটা বুঝতে পেরেছিলেন তারা। তবে দ্বিতীয় ওয়ানডের পর সংবাদ সম্মেলনে এসে এবার প্রায় উল্টোটা বললেন নিক কেলি। তার ভাষ্যমতে, উইকেটটা ঠিকঠাক বুঝতে দেরি হয়েছে তাদের। আর জুটি গড়ার গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে উইকেট হারিয়ে বিপদে পড়েছে নিউজিল্যান্ড।
নাহিদ রানার জোড়া শিকারের পর টম লাথাম, মুহাম্মদ আব্বাস ও নিক কেলিরা চেষ্টা করেছেন ইনিংস বড় করার। উইকেটে খানিকটা থিতুও হয়েছিলেন। কিন্তু বিধি বাম! উইকেটে থিতু থাকার ওই মুহূর্তেই উইকেট হারিয়ে বসে নিউজিল্যান্ড। এমন পরিস্থিতিই দ্বিতীয় ওয়ানডে হারের কারণ স্পষ্ট করেন নিক কেলি।
তার কথায়, ‘উইকেটে শুরুর দিকে বেশ ঘাস ছিল। আমাদের বুঝতে একটু লম্বা সময় লেগেছে। আর আমরা গুরুত্বপূর্ণ সময়ে উইকেট হারিয়েছি।’ বাংলাদেশি বোলারদের প্রশংসা করে তার ভাষ্য ছিল, ‘তারা আসলেই ভালো বোলিং করেছে। উইকেট তাদের সহযোগিতা করেছে। কিন্তু যখনই আমরা জুটি পাচ্ছিলাম, ওই ভুল সময়েই আমরা উইকেট হারিয়েছি। এটা আজকের (গতকাল) ম্যাচের সবচেয়ে বড় পার্থক্য ছিল।’
নাহিদ রানার প্রশংসা করে নিক কেলি বলেন, ‘হ্যাঁ, সে তরুণ এবং দারুণ ট্যালেন্ট। ভালো গতি নিয়ে বল করে। আমার মনে হয়, উইকেট তাকে বেশ সাহায্য করেছে।’
নিউজিল্যান্ডের এই হারে এখন সিরিজ ১-১ সমতায়। এখন সিরিজ জিততে দুদলের জন্যই শেষ ম্যাচ পরিণত হয়েছে অঘোষিত ফাইনালে। চট্টগ্রামে সেই ম্যাচ জিতে সিরিজ জয়ের আভাসটা ঢাকায় দিয়ে রেখেছেন কেলি। শেষ পর্যন্ত চট্টগ্রামে কী হয়- সেটাই এখন দেখার অপেক্ষা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

