বাবা হারানোর শোক কাটিয়ে মেসির ফেরার ম্যাচে হার মিয়ামির

বাবা হারানোর শোক কাটিয়ে মেসির ফেরার ম্যাচে হার মিয়ামির

বাবা হোর্হে মেসিকে হারানোর শোক কাটিয়ে অবশেষে মাঠে ফিরেছেন লিওনেল মেসি। তবে আর্জেন্টাইন তারকার প্রত্যাবর্তনের ম্যাচটি জয়ে রাঙাতে পারেনি ইন্টার মিয়ামি। লিগস কাপের ম্যাচে দুইবার এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত লেওনের কাছে ৩-২ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে মিয়ামি।

বিজ্ঞাপন

৬৮ বছর বয়সে গত শনিবার মারা যান মেসির বাবা হোর্হে মেসি। ছেলের ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা হোর্হে ছিলেন তাঁর এজেন্ট এবং ব্যবসায়িক বিষয়গুলোর দেখভালও করতেন। বাবার মৃত্যুর পর মেসির মাঠে ফেরার বিষয়টি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে এক সপ্তাহের মধ্যেই ক্লাবের হয়ে মাঠে ফিরলেন তিনি।

মিয়ামির নু স্টেডিয়ামে ম্যাচের শুরুতে একাদশে ছিলেন না মেসি। দ্বিতীয়ার্ধের শুরুতে ড্যানিয়েল পিন্টারের বদলি হিসেবে মাঠে নামেন তিনি। মাঠে ফেরার মুহূর্তে সমর্থকদের কাছ থেকে পান উষ্ণ অভ্যর্থনা। বাবার মৃত্যুর পর এটিই ছিল মেসির প্রথম ম্যাচ।

এর আগে বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে বাবাকে স্মরণ করে আবেগঘন বার্তা দিয়েছিলেন মেসি। সেখানে বাবাকে হারানোর পর নিজের ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তার কথা জানিয়েছিলেন তিনি।

ম্যাচে অবশ্য শুরুটা ভালো ছিল মিয়ামির। ৪২ মিনিটে ড্যানিয়েল পিন্টারের গোলে এগিয়ে যায় তারা। দ্বিতীয়ার্ধে মেসি মাঠে নামার পাঁচ মিনিট পর ড্যানিয়েল আরসিলার গোলে সমতায় ফেরে লেওন।

এরপর ৫৪ মিনিটে ইয়ানিক ব্রাইটের গোলে আবারও এগিয়ে যায় মিয়ামি। কিন্তু সাত মিনিট পর হুয়ান পাবলো ডোমিঙ্গেজের গোলে ম্যাচে ফেরে লেওন। শেষ পর্যন্ত ৮৩ মিনিটে আবারও গোল করেন আরসিলা। ম্যাচে নিজের দ্বিতীয় গোল করে লেওনকে ৩-২ ব্যবধানে জয় এনে দেন তিনি।

এই হারে লিগস কাপের নকআউট পর্বে ওঠার সুযোগ হারিয়েছে মিয়ামি। ২০২৩ সালে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার পর গত বছর ফাইনালে উঠেছিল তারা। এবার অবশ্য আসর থেকে বিদায় নিতে হলো অনেক আগেই।

অন্যদিকে টুর্নামেন্টে নিজেদের প্রথম দুই ম্যাচেই জয় পেয়েছে লেওন। একই সঙ্গে লিগা এমএক্সের পয়েন্ট তালিকার শীর্ষেও উঠে এসেছে দলটি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন