দুই দিনে টেস্ট শেষ হোক, চান না কিউরেটর

দুই দিনে টেস্ট শেষ হোক, চান না কিউরেটর

দীর্ঘ প্রায় ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ। ঐতিহাসিক এই ম্যাচ হতে যাচ্ছে ডারউইনের মারারা স্টেডিয়ামে। ২০০৩ সালে এই ভেন্যুতেই অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা। আসন্ন এই ম্যাচকে কেন্দ্র করে মারারা স্টেডিয়ামের উইকেট কেমন হবে, তা নিয়ে ক্রিকেট মহলে শুরু হয়েছে নানা আলোচনা। এরই ধারাবাহিকতায় উইকেটের প্রকৃতি ও প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন মারারা স্টেডিয়ামের প্রধান কিউরেটর জ্যাক পাভলিচ।

গতকাল ডারউইনে সংবাদ সম্মেলনে ম্যাচের পিচ নিয়ে কথা বলতে গিয়ে কিউরেটর জ্যাক পাভলিচ বলেন, ‘এমন একটা মানসম্মত পিচ হবে, যেখানে রান উঠবে, বোলাররাও চেষ্টা করলেও কিছু সহায়তা পাবে। এই মুহূর্তে পরীক্ষা-নিরীক্ষা করার মতো কোনো অবস্থায় আমরা নেই, তাই এমন একটা ভারসাম্যপূর্ণ পিচ হবে, যা সত্যিই খেলার জন্য উপযোগী হয়। আমি আশাবাদী, একটি মানসম্মত ভালো ব্যাটিং উইকেট পাওয়া যাবে, যেখান থেকে বোলাররাও পরিশ্রম করে কিছু সুবিধা আদায় করে নিতে পারবে। জানি কথাটা গতানুগতিক শোনাচ্ছে, তবু।’

বিজ্ঞাপন

মারারা স্টেডিয়ামের আগের দুই টেস্টেই শ্রীলঙ্কা ও বাংলাদেশকে অনায়াসে হারিয়েছে অস্ট্রেলিয়া।

সম্প্রতি টেস্ট দ্রুত শেষ হয়ে যাওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। বিশেষ করে পার্থ ও মেলবোর্ন টেস্ট মাত্র দুদিনে শেষ হয়ে যাওয়ার প্রসঙ্গ টেনে পাভলিচের স্পষ্ট ভাষ্য, ‘আমরা কখনোই দুদিনে টেস্ট শেষ হোক, তা চাইব না। তবে সত্যি বলতে, এটি আমাদের হাতেও নেই। আমরা শুধু উইকেট প্রস্তুত করি, আর বাকি কাজটা খেলোয়াড়দের।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন