বাংলাদেশের পেস আক্রমণে মুগ্ধ হার্শা ভোগলে

বাংলাদেশের পেস আক্রমণে মুগ্ধ হার্শা ভোগলে

ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনটা যেন বাংলাদেশের পেসারদেরই ছিল। হাসান মাহমুদের ক্যারিয়ারসেরা বোলিংয়ে স্বাগতিকদের ১৯৮ রানে গুটিয়ে দেওয়ার পর আলোচনায় উঠে এসেছে বাংলাদেশের পেস আক্রমণের গভীরতাও। এবার সেই পারফরম্যান্সের প্রশংসা করলেন ভারতের খ্যাতিমান ক্রিকেট বিশ্লেষক ও ধারাভাষ্যকার হার্শা ভোগলে।

বিজ্ঞাপন

প্রথম ইনিংসে ৫৫ রান দিয়ে ৬ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপে ধস নামান হাসান। তাঁর সঙ্গে তাসকিন আহমেদ ও এবাদত হোসেনও দারুণ বোলিং করে স্বাগতিকদের ওপর চাপ ধরে রাখেন। নাহিদ রানা ও শরীফুল ইসলামের অনুপস্থিতিতেও বাংলাদেশের পেস আক্রমণের এমন দাপুটে পারফরম্যান্স নজর কেড়েছে ভোগলের।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বাংলাদেশের পেস আক্রমণের প্রশংসা করে ভোগলে লিখেছেন, ‘ভারতে হাসান মাহমুদকে দেখার কথা মনে আছে, তখনই ভীষণ মুগ্ধ হয়েছিলাম। নাহিদ রানাকে ছাড়াও বাংলাদেশ যে গভীরতা দেখাচ্ছে! তারা চমৎকার কাজ করেছে।’

ডারউইনে বাংলাদেশের পেসারদের সাফল্য আরও তাৎপর্যপূর্ণ। কারণ টেস্ট ইতিহাসে এ নিয়ে দ্বিতীয়বার প্রতিপক্ষের ১০টি উইকেটই বাংলাদেশের পেসাররা শিকার করলেন। হাসানের নেতৃত্বে তাসকিন ও এবাদতের এমন পারফরম্যান্স বাংলাদেশের পেস আক্রমণের সক্ষমতাকেও নতুন করে আলোচনায় এনেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন