দৌলতখানে ব্যবসায়ীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

দৌলতখানে ব্যবসায়ীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
ছবি: আমার দেশ

ভোলার দৌলতখানের উপশহর বাংলাবাজার মসজিদ মার্কেটের ব্যবসায়ীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে মসজিদ মার্কেটের সামনে ব্যবসায়ীদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। শতাধিক ব্যবসায়ী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে স্বতঃস্ফূর্ত অংশ নেন।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শী ও ব্যবসায়ীরা জানান, মঙ্গলবার রাত সাড়ে ১১টায় মসজিদের মার্কেটের দোকান নিয়ে ব্যবসায়ী শিমুল চন্দ্র দাস ও রাখাল চন্দ্র দাসের সঙ্গে লিটন হাওলাদার ও আলম মেম্বার গ্রুপের মধ্যে মারামারি হয়।

মানববন্ধন থেকে বাংলাবাজার মসজিদ মার্কেটের ব্যবসায়ী কমিটির সভাপতি হাজি মোহাম্মদ শফিউল্লাহ অভিযোগ করে বলেন, মার্কেটের ব্যবসায়ী রাখাল চন্দ্র দাস ও শিমুল চন্দ্র দাসের ওপর স্থানীয় আলম মেম্বার ও লিটন হাওলাদারের নেতৃত্বে হামলা করা হয়েছে।

তাদের বেধড়ক মারধর করে আহত করা হয়। হামলায় আহতদের মধ্যে রাখাল চন্দ্র দাসের অবস্থা আশঙ্কাজনক। গুরুতর আহত হওয়ায় চিকিৎসার জন্য তাকে প্রথমে ভোলা সদর হাসপাতাল ও পরে ঢাকায় নেওয়া হয়েছে। তিনি এ হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে ঘটনার সঙ্গে জড়িতদের তদন্তসাপেক্ষে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

অভিযোগে তিনি আরও বলেন, বহিরাগত লোকজনকে মসজিদ কমিটিতে অন্তর্ভুক্ত করায় মসজিদ কমিটিকে বিতর্কিত করা হয়েছে। এ কারণে ব্যবসায়ীরা অবিলম্বে ওই কমিটি বিলুপ্ত করার ঘোষণা দাবি করেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাবাজার মসজিদ মার্কেট ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক সাদেক বিশ্বাস, কোষাধ্যক্ষ শামীম ডাক্তার, সদস্য আলমগীরসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ ও মার্কেটের ব্যবসায়ীবৃন্দ।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন