মাত্র আটটি টেস্ট ম্যাচ খেলেছেন বেউ ওয়েবস্টার। এতেই আন্তর্জাতিক ক্রিকেটের নানা উত্থান-পতনের অভিজ্ঞতা হয়েছে অস্ট্রেলিয়ার এ অলরাউন্ডারের। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়া থেকে শুরু করে অ্যাশেজে দল থেকে বাদ পড়া এবং সিডনিতে দুর্দান্ত কামব্যাক—সবমিলিয়ে দারুণ এক বছর পার করেছেন তিনি। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ মাঠে গড়াচ্ছে আগামীকাল বৃহস্পতিবার ভোরে। এই সিরিজকে সামনে রেখে ওয়েবস্টার দৃঢ়প্রতিজ্ঞ, লাল বলের ক্রিকেটে অস্ট্রেলিয়ার একাদশে নিজের জায়গাটা স্থায়ী করতে এখন শতভাগ প্রস্তুত।
নিজের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে ওয়েবস্টার বলেন, আন্তর্জাতিক ক্রিকেটের মূল চাপ ও বাস্তবতার মুখোমুখি না হওয়া পর্যন্ত সত্যিকার অর্থে নিজেকে বোঝা যায় না। তবে সিডনিতে অপরাজিত ৭১ রান ও তিন উইকেট শিকারের পর তার মনে কোনো সংশয় নেই। তিনি বিশ্বাস করেন, ‘গত ১২ মাসে আমার জন্য সবচেয়ে বড় প্রাপ্তি ছিল এটিই যে, আমি প্রমাণ করতে পেরেছি যে আমি তৈরি। আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে নামা, অন্য দেশের বোলারদের মুখোমুখি হওয়া, বিপুল দর্শক আর চাপযুক্ত বড় মুহূর্তে পারফর্ম করার মতো পরিস্থিতির মুখোমুখি না হওয়া পর্যন্ত আপনি সত্যিই তা অনুধাবন করতে পারবেন না।’
দলে নিজের জায়গা পাকা করতে বদ্ধপরিকর ওয়েবস্টার, ‘আমি শুধু নিজের কাজটা করে যেতে চাই এবং নিজেকে এমন এক পজিশনে রাখতে চাই যেন একাদশ থেকে বাদ দেওয়া কঠিন হয়ে পড়ে—তা ব্যাটে হোক বা বলে। খেলার সব বিভাগে অবদান রাখতে পারাই আমার বড় গর্বের জায়গা, আর ক্যামেরুন গ্রিনের ক্ষেত্রেও বিষয়টি তাই। কাকতালীয়ভাবে আমরা দুজনই অলরাউন্ডার এবং মূলত ব্যাটার।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

