কঠিন সিরিজ হলেও আশাবাদী আশরাফুল

কঠিন সিরিজ হলেও আশাবাদী আশরাফুল

টেস্ট ক্রিকেটের ইতিহাসে অস্ট্রেলিয়ার মাটিতে মাত্র দুটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। ২০০৩ সালের সেই সফরে প্রতিটি টেস্টেই বাংলাদেশের ইনিংস ব্যবধানে হারের রেকর্ড। ওই সফরে খেলেছিলেন বাংলাদেশ দলের বর্তমান ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। দুই টেস্টে চার ইনিংস (০, ০, ৭ ও ২৩) মিলে তার সংগ্রহ ছিল মাত্র ৩০ রান! ২৩ বছর আগের সফরটি যে কতটা কঠিন হয়ে দাঁড়িয়েছিল, সেটি হাড়ে হাড়ে টের পেয়েছিলেন তৎকালীন বাংলাদেশ দলের অন্যতম সেরা ব্যাটার। এবারের সফরটিও বাংলাদেশের জন্য বেশ চ্যালেঞ্জিং হতে যাচ্ছে। কেননা টেস্ট ক্রিকেটে যখন ধারাবাহিক সাফল্য পাচ্ছিল দল, তখনই হঠাৎ জিম্বাবুয়ে সফরে গিয়ে একমাত্র টেস্টে ইনিংস ব্যবধানে হেরে বসে বাংলাদেশ। ২৫ বছর পর জিম্বাবুয়ের মাটিতে এই ইনিংস ব্যবধানে হারের লজ্জা দলবে বেশি ভাবাচ্ছে। এবার পরাশক্তি অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে লড়াই জমিয়ে তোলা সহজ হবে না। তবে ব্যাটিং নিয়ে আশাবাদী ব্যাটিং কোচ আশরাফুল। গতকাল অস্ট্রেলিয়ার বিমান ধরার আগে আমার দেশকে মুঠোফোনে তিনি বলে গেলেন, ‘জিম্বাবুয়ে সফরে ব্যাটাররা ভালো করেনি, এটা সত্য। তবে এর আগে তো ব্যাটাররা ভালো করেছে। আমরা ভালো খেলেছি। আশা করি, অস্ট্রেলিয়ায় তারা ভালো করবে বলে। যদি ব্যাটিং ভালো হয়, তাহলে আমরা অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো প্রতিদ্বন্দ্বিতা জমিয়ে তুলতে পারব।’

গত শুক্রবার রাত ১১টা ২০ মিনিটের ফ্লাইটে অস্ট্রেলিয়ার উদ্দেশে বিমান ধরে বাংলাদেশ ক্রিকেট দল। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টটি শুরু হবে আগামী ১৩ আগস্ট থেকে। আশরাফুল মনে করেন, প্রথম টেস্টের আগে অনুশীলনের জন্য পর্যাপ্ত সময় পাচ্ছে দল। তাতে দলের প্রস্তুতির ঘাটতি থাকবে না। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারবেন ক্রিকেটাররা। যেটা গত জিম্বাবুয়ে সফরে ছিল না বলে মনে করেন আশরাফুল। তিনি বলেন, ‘আমরা ১৩ দিন আগে অস্ট্রেলিয়ায় যাওয়ার ফলে ভালোভাবে প্রস্তুত হতে পারব। একটি প্রস্তুতি ম্যাচসহ অন্তত সাত-আটটি অনুশীলন সেশন করার সুযোগ পাব। এতে দলের প্রতিটি সদস্য অস্ট্রেলিয়ার কন্ডিশনের সঙ্গে মোটামুটি ভালোভাবে মানিয়ে নিতে পারবে।’

বিজ্ঞাপন

গত জিম্বাবুয়ে সফরে ব্যাটিংয়ের পাশাপাশি বোলাররাও ভালো করেননি। এবার ইনজুরির কারণে পেস অ্যাটাকের শক্তিও অনেক কমেছে বাংলাদেশের। তাই বোলিং বিভাগেরও সামনে থাকছে চ্যালেঞ্জ। আশরাফুল বলেন, ‘শুধু ব্যাটিং নয়, বোলারদেরও ভালো করতে হবে। যদি দল হিসেবে আমরা খেলতে পারি, তাহলে অস্ট্রেলিয়ায় ভালো কিছুই হবে।’ আশরাফুলের মতে, বিশ্বের যে কয়টি টেস্ট খেলুড়ে দেশ রয়েছে, এর মধ্যে অভিজ্ঞতার দিক থেকে বাংলাদেশ শক্ত অবস্থানেই রয়েছে। এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে দারুণ কিছু উপহার দিতে পারে দল। আশরাফুল বলেন, ‘দেখেন, আমাদের দলে অন্তত ৮-১০ জন খেলোয়াড় রয়েছে, যাদের অন্তত ৬০-৭০টি করে টেস্ট ম্যাচ খেলার অভিজ্ঞতা হয়েছে। সিরিজ কঠিন হবে, এটা জানা। তবে আমাদের এই অভিজ্ঞতা কাজে দেবে। সব মিলে আশা করি, আমরা ভালো কিছুই করব।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে প্রথম টেস্ট হবে ডারউইনে। এরপর ২২ আগস্ট থেকে ম্যাকাইয়ে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন