দলের পারফরম্যান্স চাঙ্গা করতে অভিজ্ঞ লেগস্পিনার সন্দীপ লামিছানের কাঁধে পুনরায় নেপাল জাতীয় ক্রিকেট দলের নেতৃত্ব তুলে দেওয়া হয়েছে। আসন্ন এসিসি প্রিমিয়ার কাপের জন্য ঘোষিত ১৪ সদস্যের দলে এই বড় পরিবর্তন এনেছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল (সিএএন)। এর আগে ২০২২ সালে প্রথম দফায় অধিনায়ক থাকাকালীন ধর্ষণের অভিযোগে আইনি জটিলতায় জড়িয়ে পড়েন তিনি। কাঠমান্ডু ডিস্ট্রিক্ট কোর্ট তাকে দোষী সাব্যস্ত করলেও, পরবর্তীতে ২০২৪ সালে পাটান হাই কোর্ট সাক্ষ্যপ্রমাণের অভাবে তাকে সব অভিযোগ থেকে খালাস দেয়। বর্তমানে আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ লিগ টুতে টানা চার ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে রয়েছে নেপাল। ৫০ ওভারের ফরম্যাটের এই দুঃসময় কাটিয়ে দলকে পুনরায় জয়ের ধারায় ফেরাতে এবং তাদের আস্থার প্রতিদান দিতে এবার লামিছানের অভিজ্ঞতার ওপরই ভরসা রাখছে দেশটির ক্রিকেট বোর্ড।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

