ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ভারতীয় ক্রিকেটার অভিষেক

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ভারতীয় ক্রিকেটার অভিষেক

ভারতের ঘরোয়া ক্রিকেট ও আইপিএলে খেলা অভিষেক পোড়েলকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গের পুলিশ। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগে মঙ্গলবার মগরা থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে।

বিজ্ঞাপন

অভিযোগকারী কর্ণাটকের এক তরুণী। গত ২৩ জুন মগরা থানায় অভিষেকের বিরুদ্ধে অভিযোগ করেন তিনি। ওই তরুণীর দাবি, প্রায় সাড়ে তিন বছর ধরে অভিষেকের সঙ্গে তার সম্পর্ক ছিল এবং তাদের বিয়ের পরিকল্পনাও ছিল। সম্পর্কের সময়ে দুজন একসঙ্গে বিদেশেও গিয়েছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

তবে প্রায় দেড় বছর আগে দুজনের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়। বিষয়টি একপর্যায়ে থানায় গড়ালেও তখন কোনো অভিযোগ দায়ের হয়নি। পরে গত জুনে ফের পুলিশের কাছে অভিযোগ করেন ওই তরুণী।

অভিযোগের পর পুলিশ কার্যকর ব্যবস্থা নিচ্ছে না এমন দাবি করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। এরপর আদালত পুলিশকে অভিষেককে খুঁজে বের করে গ্রেপ্তারের নির্দেশ দেয়। পাশাপাশি মামলার তদন্তে তার ইলেকট্রনিক ডিভাইস জব্দের নির্দেশও দেওয়া হয়।

পুলিশের করা মামলায় ভারতের নতুন দণ্ডবিধির একাধিক ধারা এবং তথ্যপ্রযুক্তি আইনের ধারাও যুক্ত করা হয়েছে। মামলাটিতে বিয়ের প্রতিশ্রুতি সংক্রান্ত যৌন সম্পর্ক, ভয় দেখানোসহ আরও কিছু অভিযোগ রয়েছে।

তবে অভিষেক পোড়েল অভিযোগগুলো অস্বীকার করেছেন। মামলার অভিযোগ এখনো আদালতে প্রমাণিত হয়নি এবং তদন্ত ও আইনি প্রক্রিয়া চলমান।

ক্রিকেট মাঠে অবশ্য সাম্প্রতিক সময়ে বেশ আলোচনায় ছিলেন ২৩ বছর বয়সি এই উইকেটকিপার-ব্যাটার। বাংলার হয়ে ধারাবাহিক পারফরম্যান্সের পর আইপিএলে সুযোগ পান তিনি। দিল্লি ক্যাপিটালসের হয়েও খেলেছেন অভিষেক।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন