ঘুরে দাঁড়ানোর আশাটাই দেখালেন শরিফুল

স্পোর্টস রিপোর্টার

ঘুরে দাঁড়ানোর আশাটাই দেখালেন শরিফুল

প্রথম ম্যাচ হারের পর এখন ক্রিকেটপাড়াজুড়ে একটাই কথা—ঘুরে দাঁড়াতে পারবে তো বাংলাদেশ। দল ঘুরে দাঁড়াতে পারবে কি না সেই উত্তর তো পাওয়া যাবে আজ দ্বিতীয় ওয়ানডে শেষে। সে পর্যন্ত অপেক্ষায় থাকা বাংলাদেশ ঘুরে দাঁড়ানোর সব রসদই নিয়েছে নিজেদের কাছে। অন্তত বাঁহাতি পেসার শরিফুল ইসলামের কথায় সেটা স্পষ্ট। প্রতিপক্ষকে যথেষ্ট সমীহ করে ঘুরে দাঁড়ানো সম্ভব বলে বিশ্বাস তার কথায়।


প্রথম ওয়ানডেতে দারুণ বোলিং করেছেন শরিফুল ইসলাম। টসের ঠিক আগ মুহূর্তে চোটে পড়ায় একাদশ থেকে ছিটকে যান মোস্তাফিজুর রহমান। সেই সুবাদে মিলেছিল একাদশে জায়গা। টসের ঠিক এক-দুই সেকেন্ড আগে সুযোগ পেয়ে নিজেকে প্রমাণ করা শরিফুল একাদশে থাকবেন কি না সেটাও এখন বড় প্রশ্ন।

বিজ্ঞাপন

চোটে পড়া মোস্তাফিজ এখন পুরোপুরি ফিট। তাকে জায়গা করে দিতে শরিফুলকে বাদ পড়তে হয় কি না সেটাই এখন দেখার পালা।
বাদ পড়লেও যে মন খারাপ হবে না সেটা স্পষ্ট করেন শরিফুল ইসলাম। তার কথায়, ‘সব সময় বেসিক কাজগুলো করার চেষ্টা করি। আর সুযোগ এলে ভালো করার চেষ্টা করি। নিজের সঙ্গে লড়াই করছি। সুযোগ এলে আলহামদুলিল্লাহ ভালো করার চেষ্টা করছি।’


দলে থাকার পরও সুযোগ না পাওয়া যে হতাশাজনক নয়, সেটাও স্পষ্ট করেন শরিফুল ইসলাম। তিনি বলেন, ‘এখানে হতাশার কিছু নেই। যারা খেলছে সবাই ভালো করছে। যারা স্কোয়াডের বাইরে আছে তারাও ভালো। একটা হেলদি কম্পিটিশন আছে, এটা আমাদের ক্রিকেটের জন্য ভালো।’


তবে শরিফুল একাদশে থাকুক বা না থাকুক, তার চাওয়া ঘুরে দাঁড়ানো। তার মতে বোলিং ইউনিটের সমর্থনের পরও ব্যাটিং ইউনিট ভালো না করায় হারতে হয়েছে ম্যাচ। দলগতভাবে সেই ভুলটা সামলে নিতে চায় দ্বিতীয় ম্যাচে। সেটা জানিয়ে শরিফুল বলেন, ‘ইনশাল্লাহ নেক্সট ম্যাচে ব্যাটাররা খুব ভালো করবে। আমাদের (বোলারদের) সমর্থন দেবে, আমরাও দেব। দলগতভাবে আমরা ম্যাচ জিতব। ক্রিকেট খেলায় এ রকম হয়। এক ইউনিট ভালো করে অন্য ইউনিট একটু ফেল করে। আমরা আশাবাদী যে নেক্সট ম্যাচে ইনশাল্লাহ ভালো করব।’


তিনি আরো যোগ করেন, ‘একটা ম্যাচে হয়তো আমরা ভুল করেছি। তারা অবশ্যই ভালো দল। আমরাও ভালো দল, ইনশাল্লাহ পরের ম্যাচে আমরা ঘুরে দাঁড়াব।’


জয়ের আশায় থাকা শরিফুল ইসলামের কাছে প্রশ্ন ছিল, গরম কোনো প্রভাব ফেলছে কি না ম্যাচে। কারণ, তপ্ত গরমের মধ্যে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের ম্যাচগুলো শুরু হচ্ছে বেলা ১১টায়। ফলে তপ্ত গরমের মধ্যেই খেলতে হচ্ছে ম্যাচ। এ নিয়ে শরিফুল বলেন, ‘উইকেট কন্ডিশন বা ওয়েদার কন্ডিশন যেটা বলেন সেটা তো আমাদের হাতে নেই, যেভাবে আমাদের দেবে সেভাবেই খেলতে হবে সো এই প্রিপারেশন নিয়েই আছি।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...