চসিক সচিবের মুখে হাসিনার প্রশংসা

চসিক সচিবের মুখে হাসিনার প্রশংসা
ফাইল ছবি

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সচিব ও ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা আশরাফুল আমিনের একটি অডিও ফাঁস হয়েছে। ভাইরাল হওয়া ওই অডিওতে তাকে মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার বন্দনা করতে শোনা যায়। তবে অডিওটি কোন সময়ের এবং অপর প্রান্তে কে ছিলেন, তা পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি।

নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, অডিওটি ২০২৪ সালে জুলাই আন্দোলনের মাঝামাঝি কোনো এক সময়ের। অডিওতে আশরাফুল আমিনকে শেখ হাসিনার বিকল্প নেই বলে মন্তব্য করতে শোনা যায়, যা ব্যাপক বিতর্কের সৃষ্টি করেছে। এ নিয়ে এখন চসিকের ভেতরে ও বাইরে আলোচনা-সমালোচান চলছে।

বিজ্ঞাপন

এর আগে সচিব আশরাফুল আমিনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম এবং আওয়ামী লীগ ঘনিষ্ঠতার অভিযোগ ওঠে। গত ১০ মাস চসিকে কোনো স্থায়ী প্রধান নির্বাহী কর্মকর্তা না থাকার সুযোগ কাজে লাগিয়ে একচ্ছত্র প্রভাব বিস্তারেরও অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

হোয়াটসঅ্যাপ থেকে ফাঁস হওয়া ৪৮ সেকেণ্ডের অডিওতে আশরাফুল আমিন তৎকালীন প্রধানমন্ত্রী ও পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করে বলেন, ‘শেখ হাসিনা বাংলাদেশের জন্য অমূল্য সম্পদ। তার কোনো বিকল্প নেই, সেটি বাংলাদেশের গাধা জনগণ বুঝতে পারছে না। তিনি অনেক উন্নয়ন করেছেন, দেশকে এগিয়ে নিয়েছেন। এর পরও জনগণের শুকরিয়া নেই।’

খোঁজ নিয়ে জানা গেছে, সম্প্রতি চসিকে অতিরিক্ত দায়িত্ব পালনকালে স্বেচ্ছাচারিতা ছাড়াও বাংলাদেশ শিপিং করপোরেশনে (বিএসসি) থাকাকালীন ক্ষমতার অপব্যবহার এবং অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক) তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। চট্টগ্রাম সিটি করপোরেশনে যোগদানের আগে তিনি সজীব ওয়াজেদ জয়ের নিয়ন্ত্রণাধীন আইসিটি বিভাগের ‘এটুআই’ প্রকল্পে স্পেশালিস্ট হিসেবে কর্মরত ছিলেন। জেলার সীতাকুণ্ডের ভাটিয়ারীতে তার বাড়ি হলেও নগরীর আগ্রাবাদে নতুন বাড়ি করেছেন।

চসিকের একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, গুরুত্বপূর্ণ শীর্ষ দুটি পদ একসঙ্গে আঁকড়ে ধরে তিনি যেমন প্রশাসনিক স্থবিরতা তৈরি করেছেন, তেমনি ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলের ক্ষমতার দাপট বজায় রেখে চসিকে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে যাচ্ছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া অডিও নিয়ে বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও বক্তব্য দেননি চসিক সচিব আশরাফুল আমিন। পরে হোয়াটসঅ্যাপে ভাইরাল অডিও পাঠিয়ে লিখিতভাবে বক্তব্য জানতে চাইলে তিনি এই প্রতিবেদক শর্ট এসএমএস দেন। এসএমএসে তিনি লেখেন, ‘এটি শুনলেই বোঝা যায়, বক্তব্য আমার না।’ এর বাইরে তিনি আর কিছু বলেননি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন