বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ

বাংলাদেশের সামনে তিনে ওঠার সুযোগ

বাংলাদেশের সামনে তিনে ওঠার সুযোগ

মাঠে লড়ছে দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া; কিন্তু ভিনদেশি সেই টেস্ট সিরিজের ফলের দিকে তাকিয়ে এখন বাংলাদেশ। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান আরো সুসংহত করার দারুণ এক সুযোগ তৈরি হয়েছে নাজমুল হোসেন শান্তদের সামনে। ডারবানে দক্ষিণ আফ্রিকাকে ২১৪ রানে হারিয়ে অস্ট্রেলিয়া শীর্ষস্থান মজবুত করলেও চাপে পড়েছে বর্তমান চ্যাম্পিয়ন প্রোটিয়ারা। আর এই হোঁচটেই নতুন স্বপ্ন দেখছে বাংলাদেশ।

আইসিসির সবশেষ হিসাব অনুযায়ী ২০২৫-২৭ চক্রে ৮১.৮২ শতাংশ পয়েন্ট নিয়ে শীর্ষে অস্ট্রেলিয়া এবং ৭২.২২ শতাংশ নিয়ে দ্বিতীয় স্থানে নিউজিল্যান্ড। ৬০ শতাংশ পয়েন্ট নিয়ে দক্ষিণ আফ্রিকা তৃতীয় এবং ৫৫.৫৬ শতাংশ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশ। ছয় ম্যাচে তিন জয়, দুই হার ও এক ড্রয়ে বাংলাদেশের পয়েন্ট ৪০। অন্যদিকে পাঁচ ম্যাচে তিন জয় ও দুই হারে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৩৬ পয়েন্ট।

বিজ্ঞাপন

আগামী ১৮ অক্টোবর গেবেখায় শুরু হতে যাওয়া সিরিজের দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার কাছে দক্ষিণ আফ্রিকা হারলে তাদের পয়েন্ট হার কমে দাঁড়াবে ৫০ শতাংশে। ফলে তারা নেমে যাবে চতুর্থ স্থানে এবং বাংলাদেশ উঠে আসবে তিনে। ম্যাচটি ড্র হলে প্রোটিয়াদের পয়েন্ট হার নেমে হবে ৫৫.৫৬ শতাংশ, যা ঠিক বাংলাদেশের সমান।

এ অবস্থান কেবল প্রতিপক্ষের ব্যর্থতার ফলই নয়, বরং নিজেদের পারফরম্যান্স দিয়েই শীর্ষ চারে জায়গা ধরে রেখেছে লাল-সবুজের প্রতিনিধিরা। চক্রের শুরুতে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর লক্ষ্য সেরা পাঁচে থাকা হলেও অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয় সেই লক্ষ্যকে আরো ওপরে নিয়ে গেছে।

তবে ফাইনালে যেতে হলে ধারাবাহিকতা বজায় রাখতে হবে। সামনে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ রয়েছে। বিশেষ করে নভেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্টের সিরিজটি হয়ে উঠতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ। অন্যদের ফলাফলের সঙ্গে নিজেদের মাঠে সেরা পারফরম্যান্স দেখাতে পারলে টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের ফাইনালের স্বপ্ন আরো এক ধাপ এগিয়ে যাবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন