বিগ ব্যাশের গত আসরে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছিলেন রিশাদ হোসেন। প্রথমবার অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলতে নেমেই হয়েছিলেন হোবার্ট হারিকেন্সের সর্বোচ্চ উইকেটশিকারি। সেই পারফরম্যান্সের পুরস্কার এবারও পেলেন বাংলাদেশের এই লেগস্পিনার। নতুন মৌসুমের জন্য তাঁকে দলে রেখে দিয়েছে হোবার্ট।
নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটে রিশাদকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বিগ ব্যাশের ফ্র্যাঞ্চাইজিটি। আগামী ১২ ডিসেম্বর শুরু হবে টুর্নামেন্টের ১৬তম আসর। সেখানে হোবার্টের হয়ে আবারও বল হাতে দেখা যাবে বাংলাদেশের এই তরুণ স্পিনারকে।
গত মৌসুমে হোবার্টের হয়ে ১২ ম্যাচ খেলে ১৫ উইকেট নিয়েছিলেন রিশাদ। তাঁর বোলিং গড় ছিল ২০.৮৬, ইকোনমি রেট ৭.৮২। এক ম্যাচে ২৬ রান দিয়ে ৩ উইকেট ছিল তাঁর সেরা বোলিং। ধারাবাহিক পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে মৌসুম শেষে হোবার্ট হারিকেন্সের বর্ষসেরা বিগ ব্যাশ খেলোয়াড়ও নির্বাচিত হন তিনি।
রিশাদকে আবারও দলে পাওয়ার পেছনে তাঁর নিজের আগ্রহও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন হোবার্ট হারিকেন্সের হাই পারফরম্যান্স বিভাগের মহাব্যবস্থাপক সালিয়ান বিমস।
বিমস বলেন, ‘রিশাদ আমাদের স্পষ্ট করেই জানিয়েছিল, গত মৌসুমে হোবার্টে তার দারুণ সময় কেটেছে এবং সে আবার ফিরতে চায়। বিষয়টি আমাদের কাছে অনেক গুরুত্ব পেয়েছে। অ্যাডাম জাম্পাকে দলে যুক্ত করায় আমাদের দলীয় সমীকরণে কিছু পরিবর্তন এসেছিল। তবে রিশাদের মতো মানসম্পন্ন একজন খেলোয়াড় যখন ফিরতে এতটা আগ্রহী, তখন তাকে দলে ফেরানোর সব সম্ভাবনাই আমরা বিবেচনা করতে চেয়েছি।’
গত মৌসুমে রিশাদের পারফরম্যান্সের প্রশংসাও করেছেন বিমস। তাঁর মতে, প্রথমবার বিগ ব্যাশে খেলতে নেমে সব ম্যাচে অংশ নেওয়া এবং দলের সর্বোচ্চ উইকেটশিকারি হওয়া রিশাদের সামর্থ্য ও অস্ট্রেলিয়ার কন্ডিশনে দ্রুত মানিয়ে নেওয়ার দক্ষতার প্রমাণ।
নতুন মৌসুমে রিশাদের সঙ্গে হোবার্টের লেগস্পিন আক্রমণে থাকবেন অস্ট্রেলিয়ার অভিজ্ঞ স্পিনার অ্যাডাম জাম্পাও। দুজনের বোলিংয়ের ধরন ও শক্তির জায়গায় পার্থক্য থাকায় প্রতিপক্ষ এবং কন্ডিশন বিবেচনায় বোলিং আক্রমণ সাজানোর বাড়তি সুযোগ দেখছেন বিমস।
তিনি বলেন, ‘আমাদের দলে এখন উচ্চমানের দুজন লেগস্পিনার রয়েছে, যাঁদের শক্তির জায়গা আলাদা। কন্ডিশন ও ম্যাচের পরিস্থিতি অনুযায়ী তাঁদের ব্যবহার করার আকর্ষণীয় কিছু বিকল্প আমাদের হাতে থাকবে। গত গ্রীষ্মে আমরা দেখেছি, মাঝের ওভারগুলোতে রিশাদ কতটা বিপজ্জনক হয়ে উঠতে পারে। দুজনকে একসঙ্গে পাওয়ায় আমাদের কৌশলগত নমনীয়তা বাড়বে, বোলিং আক্রমণেও যোগ হবে নতুন মাত্রা।’
রিশাদকে নিয়ে হোবার্টের এই সিদ্ধান্ত বিগ ব্যাশে বাংলাদেশের ক্রিকেটারদের জন্যও ইতিবাচক খবর। প্রথম মৌসুমেই নিজের কার্যকারিতা প্রমাণ করে এবারও ফ্র্যাঞ্চাইজিটির আস্থার প্রতিদান দেওয়ার সুযোগ পাচ্ছেন তিনি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

