আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক

অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল জিম্বাবুয়ে

টি-টোয়েন্টি বিশ্বকাপ মানেই অঘটনের মঞ্চ। এবারের আসরে সেই নাটকের প্রথম দৃশ্য রচনা করল জিম্বাবুয়ে। শক্তিশালী অস্ট্রেলিয়াকে ২৩ রানে হারিয়ে টুর্নামেন্টে বড়সড় বার্তা দিল সিকান্দার রাজার দল।

কলম্বোতে টস জিতে আগে ব্যাট করার আমন্ত্রণ জানায় অস্ট্রেলিয়া। কিন্তু সেই সিদ্ধান্তই যেন পরে তাদের জন্য বুমেরাং হয়ে দাঁড়ায়। নির্ধারিত ২০ ওভারে ২ উইকেটে ১৬৯ রান তোলে জিম্বাবুয়ে। জবাবে ১৪৬ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস।

শুরুটা ছিল আত্মবিশ্বাসী। ওপেনিং জুটিতে আসে ৬১ রান। তাদিয়ানসে মারুমানি ২১ বলে ৩৫ রান করে আউট হলেও চাপ তৈরি হয়নি। বরং ব্রায়ান বেনেট ইনিংসের হাল ধরেন দৃঢ়তায়।

রায়ান বার্লকে সঙ্গে নিয়ে দ্বিতীয় উইকেটে ৭০ রানের জুটি গড়েন বেনেট। বার্ল করেন ৩০ রান। এরপর অধিনায়ক সিকান্দার রাজাকে নিয়ে ইনিংস শেষ পর্যন্ত টেনে নেন বেনেট। ৫৬ বলে ৬৪ রানে অপরাজিত থাকেন তিনি, ইনিংসটি সাজানো ছিল সাতটি চারে। রাজাও ২৫ রানে অপরাজিত থেকে দলকে শক্ত ভিত এনে দেন।

১৭০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় অস্ট্রেলিয়া। পাওয়ার প্লের মধ্যেই চার উইকেট হারিয়ে বসে তারা। ব্লেসিং মুজারাবানি ও ব্র্যাড ইভান্স মিলে অজিদের টপ অর্ডার ভেঙে দেন।

চাপে পড়া দলকে টেনে তোলার চেষ্টা করেন গ্লেন ম্যাক্সওয়েল ও ম্যাট রেনশো। দুজন মিলে ৭৭ রানের জুটি গড়ে ম্যাচে ফেরার আশা জাগান। কিন্তু ম্যাক্সওয়েল ৩১ রান করে ফিরতেই ছন্দ কেটে যায়। এরপর একা লড়াই করেন রেনশো।

ব্যক্তিগত অর্ধশতক পূরণ করে ৬৫ রান করেন তিনি। অধিনায়ক ট্রাভিস হেডের ব্যাট থেকে আসে ১৭ রান। তবে বাকি ব্যাটারদের ব্যর্থতায় আর ঘুরে দাঁড়াতে পারেনি অস্ট্রেলিয়া। তিনজন ব্যাটার রানের খাতা খুলতেই পারেননি।

জিম্বাবুয়ের জয়ের নায়ক বোলাররাই। ব্লেসিং মুজারাবানি নেন চার উইকেট। ব্র্যাড ইভান্সের শিকার তিনটি। নিয়ন্ত্রিত বোলিং ও ধারাবাহিক আক্রমণে অস্ট্রেলিয়াকে চাপে রেখেছিল তারা পুরো সময়।

বিশ্বকাপের শুরুতেই এমন জয়ে আত্মবিশ্বাসে ভাসছে জিম্বাবুয়ে। বড় দলগুলোর জন্য স্পষ্ট বার্তা—এবারের আসরে ছোট বলে কাউকে হালকাভাবে নিলে খেসারত দিতেই হবে।

বিজ্ঞাপন
Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন