অস্ট্রেলিয়ার মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে প্রস্তুত বাংলাদেশ। আগামীকাল বৃহস্পতিবার স্বাগতিক অজিদের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলতে মাঠে নামবে নাজমুল হোসেন শান্তর দল। লাল বলের গুরুত্বপূর্ণ এই লড়াইয়ের আগে দলের প্রস্তুতি, কন্ডিশন ও ফিল্ডিং নিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছেন জাতীয় দলের ফিল্ডিং কোচ আশিক মজুমদার। দলের ফিল্ডিং কোচের ভাষ্য অনুযায়ী, অস্ট্রেলিয়ার কন্ডিশন ও পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার প্রক্রিয়া প্রায় ৯০ শতাংশ সম্পন্ন হয়েছে। কন্ডিশন নিয়ে আশিক বলেন, ‘একটা প্র্যাকটিস ম্যাচ খেলায় অনেক ভালো হয়েছে। প্র্যাকটিস ম্যাচে সবাই ভালো ফিল্ডিং করেছে। ভালো ক্যাচ ধরেছে। কন্ডিশন আমাদের মনের ভেতরে। পৃথিবীর যে কোনো জায়গাতেই যত দ্রুত আমি মানিয়ে নিতে পারব ততই ভালো। আমরা অনেক আগেই এসেছি এখানে। খেলোয়াড়রা মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। অনেকটা হয়ে গেছে। আমি বলব ৯০ শতাংশ হয়ে গেছে।’
সংবাদ সম্মেলনে ফিল্ডিং কোচ আরও জানান, অস্ট্রেলিয়ার মতো কন্ডিশনে লংগার ভার্সন ক্রিকেট খেলা সবসময়ই একটি বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবিলায় দল মানসিকভাবে পুরোপুরি প্রস্তুত রয়েছে। ক্রিকেট যেহেতু অনিশ্চয়তার খেলা, তাই কেবল শারীরিক সামর্থ্য নয়, বরং মানসিক দৃঢ়তা বাড়াতেও সমান গুরুত্ব দেওয়া হচ্ছে, অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ দিনের জন্য প্রস্তুত, আশিক জানালেন, ‘আলহামদুলিল্লাহ আমাদের খেলোয়াড়রা মানসিকভাবে প্রস্তুত। ক্রিকেট গোল বলের খেলা। মানসিক-শারীরিক দুইভাবেই প্রস্তুতি নিচ্ছি।’
কোচের মতে, টেস্ট ক্রিকেটে বড় ইনিংস আটকানোর চাবিকাঠি হলো ছোট ছোট সুযোগ বা 'হাফ চান্স'গুলোকে কাজে লাগানো এবং দীর্ঘ সময় ধরে ফিল্ডারদের একাগ্রতা বা কনসেন্ট্রেশন ধরে রাখা। এই বিষয়গুলোতেই এখন সর্বোচ্চ জোর দেওয়া হচ্ছে। দলের ফিল্ডিংয়ের বিষয়ে আশিক আরও বলেন, ‘ফিল্ডিংয়ে হাফ চান্স কাজে লাগানোর সবচেয়ে বড় ব্যাপার হলো কনসেন্ট্রেশন ধরে রাখা। লঙ্গার ভার্শনে দেখবেন অনেকক্ষণ ধরে বল আসছে না, তবে হঠাৎ একটা আসে ঐ একটাই ধরতে হয়। বিশেষ করে লঙ্গার ভার্শন ক্রিকেটে হাফ চান্সকে ফুল চান্স বানানো মূল লক্ষ্য। এটা নিয়েই কাজ চলছে, কনসেন্ট্রেশন কীভাবে বৃদ্ধি করা যায়।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

