আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

টি-টোয়েন্টি বিশ্বকাপ

জয়ে মিশন শেষ করল আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক

জয়ে মিশন শেষ করল আফগানিস্তান

ঘরে ফিরছে আগেই বিদায় নেওয়া আফগানিস্তান। তবে সঙ্গে নিয়ে যাচ্ছে সান্ত্বনা। কেননা, শেষটায় এসে যে টানা দুই জয় পেয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ করেছে আফগানরা। আগের ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৫ উইকেটে হারানোর পর রশিদ খানের দল কানাডাকে উড়িয়ে দিয়েছে ৮২ রানে।

চেন্নাইয়ে টস হেরে শুরুতে ব্যাটিং করতে নেমে আফগানিস্তান সংগ্রহ করে ২০০ রান। লক্ষ্য তাড়া করতে নেমে কানাডা ২০ ওভার ব্যাটিং করেও ৮ উইকেট হারিয়ে ১১৮ রানের বেশি করতে পারেনি।

টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো ২০০ রানের মাইলফলক স্পর্শ করেছে আফগানিস্তান। মূলত ওপেনার ইব্রাহিম জাদরানের ব্যাটিংয়ে ২০০ রানের স্কোর পেয়েছে। ৫৬ বলে ৯৫ রানের দাপুটে ইনিংস উপহার দিয়ে অপরাজিত থেকে যান ইব্রাহিম।

টি-টোয়েন্টির বৈশ্বিক আসরে এটিই কোনো আফগান ব্যাটসম্যানের ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস। আরেক ওপেনার রহমানউল্লাহ গুরবাজ দলীয় স্কোরে যোগ করেন ৩০ রান। মিডল অর্ডার ব্যাটসম্যান সেদিকউল্লাহ আতালের ব্যাট থেকে আসে ৩২ বলে ৪৪ রান।

জবাবে ব্যাট করে ভালো করতে পারেনি কানাডা। তারা ৯ ওভারে ৪৮ রান খুইয়ে ফেলে ৫ উইকেট। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান যুবরাজ সামরা ফিরে যান মাত্র ১৭ রানে। অন্য ব্যাটসম্যানরা কোনোমতে ক্রিজে টিকে থেকে ২০ ওভার পর্যন্ত ব্যাটিং করে গেছেন। কানাডার জার্সিতে ব্যক্তিগত সর্বোচ্চ ৩০ রান করেন হর্শ ঠাকার।

অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবী উপহার দিয়েছেন ক্যারিয়ারসেরা বোলিং পারফরম্যান্স। ৪ ওভার বোলিং করে মাত্র ৭ রান খরচ করে শিকার করেন ৪ উইকেট। রশিদ খান ১৯ রান দিয়ে নেন ২ উইকেট।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন