দক্ষিণ আফ্রিকায় ট্রিপল সেঞ্চুরিতে ইতিহাস গড়লেন হৃদয়

দক্ষিণ আফ্রিকায় ট্রিপল সেঞ্চুরিতে ইতিহাস গড়লেন হৃদয়

দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে ২০২০ সালে উন্মাতাল দৌড়ে পুরো মাঠ জাগিয়ে তুলেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। উপলক্ষ ছিল যুব বিশ্বকাপ জয়। সেই দলে ছিলেন তাওহিদ হৃদয়ও। ছয় বছর পর ফের একই মাঠে অফস্টাম্পের বাইরের বল মিড-অনের দিকে ঠেলে দিয়েই দৌড় শুরু করলেন হৃদয়। দুই রান ও ট্রিপল সেঞ্চুরি! বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে দেশের বাইরে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শের ঐতিহাসিক মাইলফলকে নাম লেখালেন এই তরুণ।

পচেফস্ট্রুমে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে চারদিনের ম্যাচে হৃদয়ের এই ম্যারাথন ইনিংস বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। ম্যারাথন ইনিংসে ২৫ চার ও ৬ ছক্কায় ৪৫০ বলে কাঙ্ক্ষিত মাইলফলক স্পর্শ করেন ২৫ বছর বয়সী ব্যাটার। শেষ পর্যন্ত ৪৮১ বলে ৩৫০ রানে অপরাজিত থাকেন হৃদয়। তার ৩৫০ রানের অসাধারণ ইনিংসে ১৯১.২ ওভারে আট উইকেটে ৬৭৬ রানে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ ‘এ’ দল। তাতে প্রথম ইনিংসের ঘাটতি পুষিয়ে সফরকারীদের লিড দাঁড়ায় ১৬৪ রানে। দিনের শেষ দিকে ব্যাট করতে নেমে কোনো উইকেট না হারিয়ে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দল ১৮ রান তুলতেই শেষ হয় ম্যাচ। ড্র মেনে নেয় দুদল।

বিজ্ঞাপন

হৃদয়ের ট্রিপল সেঞ্চুরিতে একসঙ্গে ভেঙেছে একাধিক রেকর্ড। প্রথম শ্রেণির ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার মাটিতে বিদেশি ব্যাটসম্যানের সর্বোচ্চ ইনিংস এখন তার। এতদিন রেকর্ডটি ছিল ইংল্যান্ডের কিংবদন্তি ডেনিস কম্পটনের দখলে। ১৯৪৮-৪৯ মৌসুমে এমসিসির হয়ে তিনি করেছিলেন ঠিক ৩০০ রান। প্রথম শ্রেণির ক্রিকেটে দেশের বাইরে কোনো বাংলাদেশি ব্যাটসম্যানের সর্বোচ্চ ইনিংসও এখন হৃদয়ের। এর আগে ২০০৩ সালে পাকিস্তানে ডিফেন্স হাউজিং অথরিটির বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ২১৮ রান করেছিলেন সাবেক ওপেনার শাহরিয়ার হোসেন বিদ্যুৎ।

বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে প্রথম শ্রেণির ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি করা তৃতীয় ক্রিকেটার হৃদয়। প্রথম এই কীর্তি গড়েছিলেন রকিবুল হাসান, ২০০৬-০৭ মৌসুমে জাতীয় ক্রিকেট লিগে তার অপরাজিত সংগ্রহ ছিল ৩১৩ রান। পরে ২০১৯-২০ মৌসুমে বাংলাদেশ ক্রিকেট লিগে পূর্বাঞ্চলের হয়ে অপরাজিত ৩৩৪ রান করে রেকর্ডে নাম লেখান তামিম ইকবাল। তামিমকে পেরিয়ে হৃদয় এখন প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ ইনিংসের মালিক। হৃদয়ের ইনিংসে আরেকটি দলীয় রেকর্ডও গড়েছে বাংলাদেশ ‘এ’ দল। নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো প্রথম শ্রেণির ম্যাচে ৬০০ রানের গণ্ডি পেরিয়েছে তারা।

প্রথম শ্রেণিতে বাংলাদেশি ব্যাটসম্যানদের ট্রিপল সেঞ্চুরি

১। রকিবুল হাসান - ৩১৩* (২০০৬/০৭) ফতুল্লা

২। তামিম ইকবাল - ৩৩৪* (২০১৯/২০) মিরপুর

৩। তাওহিদ হৃদয় - ৩৫০* (২০২৫/২৬) পচেফস্ট্রুম

প্রথম শ্রেণিতে দক্ষিণ আফ্রিকায় সেরা পাঁচ বিদেশি ব্যাটসম্যান

১। তাওহিদ হৃদয় (বাংলাদেশ ‘এ’) - ৩৫০* (২০২৫/২৬) পচেফস্ট্রুম

২। ডেনিস কম্পটন (এমসিসি) - ৩০০ (১৯৪৮/৪৯) বেনোনি

৩। জেপি ক্রলি (ইংল্যান্ড ‘এ’) - ২৮৬ (১৯৯৩/৯৪) পোর্ট এলিজাবেথ

৪। পার্সি হোমস (এমসিসি) - ২৭৯* (১৯২৭/২৮) ব্লুমফন্টেইন

৫। ম্যাট সিনক্লেয়ার (নিউজিল্যান্ড ‘এ’) - ২৬৮ (২০০৪/০৫) পচেফস্ট্রুম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন