বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সফরকারী অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার (১১ জুন) মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে অধিনায়ক জশ ইংলিস রান তোলার পথ বেছে নেন।
সিরিজের প্রথম ম্যাচেও টস জিতেছিল অস্ট্রেলিয়া। তবে সেবার বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠিয়েছিল তারা। সেই সিদ্ধান্ত কাজে লাগাতে পারেনি অজিরা। দারুণ এক দলীয় পারফরম্যান্সে ম্যাচ জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিক বাংলাদেশ।
সিরিজে টিকে থাকতে হলে দ্বিতীয় ওয়ানডেতে জয় ছাড়া বিকল্প নেই অস্ট্রেলিয়ার সামনে। অন্যদিকে এই ম্যাচে জিততে পারলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করবে বাংলাদেশ।
সকাল ১১টায় শুরু হওয়া ম্যাচে শুরু থেকেই বড় সংগ্রহ গড়ার লক্ষ্য নিয়ে মাঠে নামবে অস্ট্রেলিয়া। তবে মিরপুরের উইকেটে বাংলাদেশের বোলারদের সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় সহজ হবে না তাদের কাজ।
প্রথম ম্যাচে বাংলাদেশ বোলাররা নিয়ন্ত্রিত বোলিংয়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপকে চাপে রেখেছিল। দ্বিতীয় ম্যাচেও সেই ধারাবাহিকতা ধরে রেখে সিরিজ জয়ের পথে আরও একধাপ এগিয়ে যেতে চাইবে টাইগাররা।
মিরপুরে তাই আজকের লড়াই শুধু একটি ম্যাচ নয়, সিরিজের ভাগ্য নির্ধারণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এই ম্যাচের একাদশে ফিরেছেন সৌম্য সরকার, তাকে জায়গা দিতে বাদ পড়েছেন সাইফ হাসান। প্রথম ওয়ানডেতে সর্বশেষ ৩ ম্যাচে তার রান ৮, ০ আর ৫। এছাড়া বাংলাদেশ দলের একাদশে আর পরিবর্ত নেই কোনো।
বাংলাদেশের একাদশ: সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (উইকেটকিপার), তৌহিদ হৃদয়, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা।
অস্ট্রেলিয়ার একাদশ: ম্যাথু শর্ট, কুপার কনোলি, মারনাস লাবুশেন, জশ ইংলিশ (অধিনায়ক/উইকেটকিপার), অ্যালেক্স কেরি, ক্যামেরন গ্রিন, ম্যাট রেনশ, জেভিয়ার বার্টলেট, রিলি মেরেডিথ, নাথান এলিস, অ্যাডাম জাম্পা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

