লম্বা সময় পর গত বছর পেশাদার ক্রিকেটারদের সংগঠন কোয়াবের নেতৃত্বে আসে পরিবর্তন। সে সময় সংগঠনটির গঠনতন্ত্রেও আনা হয় পরিবর্তন। গঠনতন্ত্র মোতাবেক শুধু শীর্ষ পর্যায়ে খেলা ক্রিকেটারদের জন্যই ভোটাধিকার প্রয়োগের সুযোগ আছে। তাতে অন্যান্য পর্যায়ে ক্রিকেটারদের মধ্যে তৈরি হয়েছিল খানিকটা দ্বিধা। সে দ্বিধা কাটাতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগে খেলা ক্রিকেটারদের প্রতিনিধি আহ্বান করেছে কোয়াব। এক ভিডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করেন কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন।
ভিডিও বার্তায় প্রথম বিভাগ থেকে দুজন, দ্বিতীয় ও তৃতীয় বিভাগ থেকে একজন করে ক্রিকেটার প্রতিনিধি আহ্বান করেছে কোয়াব। নিজ নিজ বিভাগের মধ্যে ভোটাভুটি করে প্রতিনিধি চূড়ান্ত করতে চায় তারা। এর জন্য প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগের ক্রিকেটারদের কাছেই এ দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়া ঢাকার ক্রিকেটে তৈরি হওয়া স্থবিরতা নিয়েও কথা বলেন কোয়াব সভাপতি মিঠুন। খেলোয়াড়দের পক্ষ থেকে কোয়াব বিসিবি ও ঢাকার ক্রিকেটে লিগ আয়োজনের দায়িত্বে থাকা সিসিডিএমের সঙ্গে যোগাযোগ চলছে বলেও জানান তিনি। মোহাম্মদ মিঠুনের কথায়, ‘খেলোয়াড়দের পক্ষ থেকে আমরা বিসিবি ও সিসিডিএমের সঙ্গে যোগাযোগ করে যাচ্ছি। লিগটা দ্রুত মাঠে গড়ানোর বিষয়ে আমাদের চেষ্টার কমতি নেই। আমরা অতি দ্রুত সমাধান আনার চেষ্টা করছি।’
চলমান ২০২৫-২৬ মৌসুমে ঢাকার ক্রিকেটের কোনো লিগই পূর্ণভাবে মাঠে গড়ায়নি। পাশাপাশি প্রিমিয়ার লিগ ও তৃতীয় বিভাগ লিগ নিয়ে এখনো দোদুল্যমান অবস্থায় আছে বিসিবি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

