সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট সিপাহি মতিউর রহমান স্টেডিয়ামে বেলা ২টায় দুদলের ম্যাচটি শুরু হবে। এরই মধ্যে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে অস্ট্রেলিয়া। ওয়ানডে সিরিজ হারলেও প্রথম ম্যাচে বাংলাদেশকে চার উইকেটে হারিয়ে টি-টোয়েন্টিতে দারুণ সূচনা করেছে তারা। এবার তাদের সামনে সিরিজ জয়ের হাতছানি। অন্যদিকে গত ম্যাচে হতাশ হলেও আজ সিরিজে ১-১ সমতায় ফিরতেই মাঠে নামবে বাংলাদেশ। সিরিজে ঘুরে দাঁড়াতে আত্মবিশ্বাসী স্বাগতিকরা।
প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার স্পিনেই এলোমেলো হয়ে যায় বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। টি-টোয়েন্টি ইতিহাসে প্রথমবার ইনিংসে ৯ উইকেট শিকারের রেকর্ড গড়েন অস্ট্রেলিয়ান স্পিনাররা। ব্যাটিং ব্যর্থতার মধ্যে বিশেষ করে বাংলাদেশের মিডল অর্ডারে ধস নিয়েই বেশি প্রশ্ন উঠছে। বড় শট খেলতে গিয়ে উইকেট হারান ব্যাটাররা। মিডল অর্ডারে তাওহিদ হৃদয় ও সৌম্য সরকার ধরে খেলতে পারেননি। অ্যাডাম জাম্পার স্পিনেই বেকায়দায় পড়েছেন দুজনই। দ্বিতীয় ম্যাচেও তাদের চ্যালেঞ্জ জানাতে পারেন জাম্পা। তবে গত ম্যাচের হতাশা ভুলিয়ে দিতেই আজ মাঠে নামছে বাংলাদেশ।
এ ম্যাচে স্বাগতিকদের জন্য বড় হুমকি হতে পারেন কুপার কনোলি। ওয়ানডে সিরিজের ব্যাটিংছন্দ টি-টোয়েন্টিও ধরে রেখেছেন এই তরুণ। আগের ম্যাচে টি-টোয়েন্টিতে সেরা পারফরম্যান্স দেখাতে পারেননি বাংলাদেশের পেসাররা। বিশেষ করে শরিফুল ছিলেন বেশ খরুচে। মোস্তাফিজ, শরিফুলরা আজ অজি ব্যাটারদের কেমন পরীক্ষা নেনÑসেটিই দেখার বিষয়। দ্বিতীয় টি-টোয়েন্টি একাদশ অপরিবর্তিত রাখার সম্ভাবনা প্রবল বাংলাদেশের। ওয়ানডে সিরিজে নিয়মিত অধিনায়ক লিটন দাস চোট পাওয়ায় ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন তাওহিদ হৃদয়। লিটনের অবস্থার উন্নতি হলেও আজকের ম্যাচে তার খেলা নিশ্চিত নয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

