জুনের দ্বিতীয় সপ্তাহে বিসিবির নির্বাচন: তামিম

স্পোর্টস রিপোর্টার

জুনের দ্বিতীয় সপ্তাহে বিসিবির নির্বাচন: তামিম

নির্বাচনে অনিয়মের অভিযোগে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবি বোর্ড ভেঙে দেয় জাতীয় ক্রীড়া পরিষদ। গত ৭ এপ্রিল বোর্ড ভেঙে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করে দেয়। তামিম ইকবালের নেতৃত্বাধীন এই অ্যাডহক কমিটিকে ৯০ দিনের মধ্যে বিসিবির পরবর্তী নির্বাচন আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে। আজ তামিম ইকবাল জানিয়েছে, আগামী জুনের দ্বিতীয় সপ্তাহের মধ্যে হবে বিসিবি নির্বাচন।
তামিম ইকবালের নেতৃত্বাধীন অ্যাডহক কমিটির ৯০ দিনের মেয়াদ শেষ হবে আগামী ৭ জুলাই। তবে পরবর্তী নির্বাচন আয়োজনের জন্য এত সময় নিতে চায় না অ্যাডহক কমিটি। আগামী কিছুদিনের মধ্যে বোর্ডসভা আয়োজন করে নির্বাচনের প্রস্তুতি নিতে চান তারা।
গতকাল বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় ওয়ানডে চলাকালে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের প্রেসবক্সে আসেন তামিম ইকবাল। সেখানেই তিনি জানান, আগামী জুনের মধ্যে বিসিবি নির্বাচন আয়োজন করতে চান। তিনি আরো জানান, চেষ্টা থাকবে জুনের প্রথম সপ্তাহের মধ্যে আয়োজন করতে। তা সম্ভব না হলে আগামী জুনের দ্বিতীয় সপ্তাহের মধ্যে নির্বাচন আয়োজন করতে চায় অ্যাডহক কমিটি।
এছাড়া বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা ক্রিকেটারদের জন্য ক্যাপ্টেনস কার্ডের মতো বিশেষ সুবিধাসম্পন্ন ক্রিকেটার্স কার্ড চালুর পরিকল্পনার কথাও জানান। পাশাপাশি হারিয়ে যাওয়া বলবয় ফিরিয়ে আনতে চান তামিম। নিজের অতীত স্মৃতির কথা মনে করিয়ে তামিম জানান, নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে বাংলাদেশ ক্রিকেটে ফের বলবয় ফিরে আসবে।
সাধারণত বিভিন্ন ক্রিকেট একাডেমিতে অনুশীলন করা শিশু-কিশোরদের বলবয় হিসেবে রাখা হয় বাউন্ডারি লাইনের ঠিক বাইরে। একসময় বাংলাদেশেও এটা চালু থাকলেও এখন আর তা দেখা যায় না। সেই অতীত স্মৃতি আবারও ফিরিয়ে আনতে চান তামিম ইকবাল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন