৪৩৭ রানের লক্ষ্যেও জয়ের স্বপ্ন দেখছে পাকিস্তান

স্পোর্টস রিপোর্টার

৪৩৭ রানের লক্ষ্যেও জয়ের স্বপ্ন দেখছে পাকিস্তান

সিলেট টেস্টে তৃতীয় দিন শেষে রান পাহাড়ে চড়ে বসেছে বাংলাদেশ। পাকিস্তানের সামনে ৪৩৭ রানের বিশাল লক্ষ্য ছুড়ে দিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। আগামীকাল হাতে ১০ উইকেট হাতে নিয়ে এই লক্ষ্য তাড়া করতে নামবে পাকিস্তান। এই পরিস্থিতিতে জয় কঠিন হলেও সম্ভাবনা দেখছে তারা। তৃতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এমনটাই জানান পাকিস্তানের পেস বোলিং কোচ উমর গুল।

গুলের বিশ্বাস, হাতে থাকা দুদিনে পুরো সময় ব্যাট করতে পারলে ম্যাচ জেতাও সম্ভব। তিনি বলেন, ‘আমাদের হাতে এখনো দুদিন আছে। আবহাওয়া মেঘলা হতে পারে বা বৃষ্টি আসতে পারে, কিন্তু আমরা মানসিকভাবে প্রস্তুত। হাতে পর্যাপ্ত সময় রয়েছে। পুরো সময় ব্যাট করতে পারলে জয়ের সুযোগ থাকবে, কারণ আমরা শুধু ড্রয়ের কথা ভাবছি না। আমরা রান তাড়ার জন্য প্রস্তুত। ৪৩৭ রান তাড়া করতে সাহসী ও ইতিবাচক ক্রিকেট খেলতে হবে। ক্রিকেটে সবকিছুই সম্ভব এবং ম্যাচ দুই দলের জন্যই খোলা আছে।’

বিজ্ঞাপন

পিচ নিয়েও আশাবাদী পাকিস্তান। উমর গুলের মতে, প্রথম দিনের আর্দ্রতা কেটে যাওয়ার পর উইকেট এখন ব্যাটিংয়ের জন্য বেশ ভালো। ‘বল ব্যাটে সুন্দরভাবে আসছে, ব্যাটারদের হাতে যথেষ্ট সময় দিচ্ছে’- আরো যোগ করেন তিনি।

বাংলাদেশের ব্যাটারদেরও প্রশংসা করেছেন পাকিস্তানের এই সাবেক পেসার। বিশেষ করে পাকিস্তানি বোলাররা সুযোগ তৈরি করেও তা কাজে লাগাতে পারেননি বলে আক্ষেপ করেন তিনি। গুল বলেন, “আমি মনে করি বাংলাদেশের ব্যাটাররা খুব ভালো খেলেছে। কিছু ক্ষেত্রে আমরা দুর্ভাগ্যজনকভাবে ‘প্লে অ্যান্ড মিস’-এর সুযোগ পেয়েও কাজে লাগাতে পারিনি, আর কয়েকটি রিভিউও মিস করেছি। বিশেষ করে প্রথম ইনিংসে দ্রুত উইকেট নিতে পারিনি। ক্রিকেটে কখনো সিদ্ধান্ত আপনার পক্ষে যায়, কখনো যায় না। বোলাররা কঠোর পরিশ্রম করেছে, কিন্তু এখনো কাঙ্ক্ষিত ফল পাইনি।”

পাকিস্তানের পেস বোলিংয়ের ধার কমে যাওয়ার প্রশ্নে তিনি দায় দিয়েছেন লাল বলের ক্রিকেটের অভাবকে। তার ভাষায়, ‘টেস্ট ম্যাচ কম খেললে বোলিং মেমোরি তৈরি হয় না। সাদা বলের ক্রিকেট থেকে হঠাৎ টেস্টে মানিয়ে নেওয়া কঠিন।’ বাংলাদেশের পেস আক্রমণ নিয়েও কথা বলেন উমর গুল। বিশেষ করে নাহিদ রানাকে নিয়ে উচ্ছ্বসিত তিনি, ‘১৪০ কিমির বেশি গতির বোলার যেকোনো দলের জন্য বড় সম্পদ। নাহিদ তরুণ, তার সামনে উজ্জ্বল ভবিষ্যৎ আছে।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন