বাংলাদেশকে নিয়ে সতর্ক অস্ট্রেলিয়া দলপতি কামিন্স

বাংলাদেশকে নিয়ে সতর্ক অস্ট্রেলিয়া দলপতি কামিন্স

২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় ডারউইনের মারারা স্টেডিয়ামে শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। তবে সিরিজ শুরুর আগেই বাংলাদেশের সামর্থ্য নিয়ে সতর্ক অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স।

বিজ্ঞাপন

ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে বাংলাদেশের বিপক্ষে কঠিন লড়াইয়ের প্রত্যাশার কথা জানিয়েছেন অজি অধিনায়ক। টাইগারদের সহজ প্রতিপক্ষ হিসেবে দেখছেন না তিনি।

বাংলাদেশকে মূল্যায়ন করতে গিয়ে কামিন্স বলেন, ‘আমার মনে হয় না, আমি কখনো সহজ কোনো টেস্ট ম্যাচ খেলেছি। তাই বাংলাদেশও শক্ত প্রতিপক্ষ হবে বলেই আমার ধারণা। আমাদের কয়েকজনের বিপক্ষে তাদের কয়েকজন ক্রিকেটারকে আমরা আসলে খুব একটা দেখিনি। ফলে টেস্টের আগে কিছুটা অজানাও থাকবে।’

গত কয়েক বছরে বাংলাদেশের সাফল্যও অস্ট্রেলিয়ার অধিনায়কের নজর এড়ায়নি। তিনি বলেন, ‘গত কয়েক বছরে তারা বেশ কিছু বড় জয় পেয়েছে এবং দলে বেশ কিছু ভালো প্রতিভা রয়েছে। তাই আমাদের প্রস্তুত থাকতে হবে।’

বাংলাদেশের দলে থাকা কয়েকজন ক্রিকেটার নিয়ে এখনই চূড়ান্ত কোনো ধারণা করতে চান না কামিন্স। তার মতে, আন্তর্জাতিক ক্রিকেটের বড় মঞ্চে বাংলাদেশকে মোকাবিলা করার সময় সবসময়ই সতর্ক থাকতে হয়।

‘এখনই নিশ্চিতভাবে কিছু বলা কঠিন। হয়তো কয়েক সপ্তাহ পর আমাকে জিজ্ঞেস করলে আরও ভালোভাবে বলতে পারব। তবে আইসিসির কোনো ইভেন্টে বাংলাদেশের বিপক্ষে খেলতে গেলে আপনি কিছুটা নার্ভাস থাকবেন, কারণ তাদের দলে বেশ কিছু বড় মাপের খেলোয়াড় রয়েছে।’- বলেন তিনি।

ডারউইনের উইকেট নিয়েও নিজের ধারণা জানিয়েছেন কামিন্স। তার মতে, উইকেটটি ব্যাটিংয়ের জন্য ভালো হতে পারে, তবে পেসারদের জন্যও থাকবে সহায়তা।

অজি অধিনায়কের ভাষায়, ‘উইকেটটা সত্যিই ভালো মনে হচ্ছে। দেখতে ও স্পর্শে বেশ শক্ত মনে হয়েছে। গত বছর এখানে অস্ট্রেলিয়া ‘এ’ দলের একটি ম্যাচ হয়েছিল এবং সেটি বেশ ভালো ব্যাটিং উইকেট ছিল, তবে পেস ও বাউন্সও ছিল।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন