অস্ট্রেলিয়ার একাদশে কামিন্স, হ্যাজলউড, স্টার্ক

অস্ট্রেলিয়ার একাদশে কামিন্স, হ্যাজলউড, স্টার্ক

দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমেছে বাংলাদেশ। আগামীকাল ভোরে ডারউইনের মারারা স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে লাল-সবুজ প্রতিনিধিরা। এ ম্যাচ ঘিরে ক্রিকেটপ্রেমীদের নজর এখন তুঙ্গে; কারণ দীর্ঘ এক বছরেরও বেশি সময় পর এ ম্যাচের মাধ্যমেই আবার একসঙ্গে মাঠে নেমেছেন অস্ট্রেলিয়ার মূল পেস আক্রমণের ‘বিগ থ্রি’—প্যাট কামিন্স, জশ হ্যাজলউড ও মিচেল স্টার্ক।

বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগেই আজ শক্তিশালী প্রথম একাদশ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে এই টেস্ট দিয়েই দলে ফিরেছেন তারকা অফস্পিনার নাথান লায়ন। এছাড়া গত বছরের অক্টোবরের পর চোটের কারণে অ্যাশেজে না খেলা পেসার জশ হ্যাজলউড একাদশে ফেরায় পেস আক্রমণের ধার অনেকটাই বৃদ্ধি পেয়েছে। তবে হ্যাজলউড ফেরায় দুর্ভাগ্যজনকভাবে একাদশের বাইরে থাকতে হয়েছে ইন-ফর্ম পেসার স্কট বোল্যান্ডকে, যিনি অ্যাশেজে ৫ ম্যাচে ২০টি উইকেট শিকার করেছিলেন। তবে দলকে ভারসাম্যপূর্ণ করতে দুজন পেস বোলিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন এবং বো ওয়েবস্টারকে একাদশে রাখা হয়েছে।

বিজ্ঞাপন

বাংলাদেশ যেমন প্রায় দুই দশক পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলছে, তেমনি স্বাগতিক অস্ট্রেলিয়াও প্রায় দুই দশকের বেশি সময় পর ডারউইনের এই মাঠে কোনো টেস্ট ম্যাচ খেলতে নেমেছে। নতুন ভেন্যু ও অজিদের শক্তিশালী বোলিং লাইনআপের বিপক্ষে বাংলাদেশের ব্যাটারদের কঠিন পরীক্ষা দিতে হবে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।

আগামী ১২ মাসে অস্ট্রেলিয়ার সামনে প্রায় ২১টি টেস্টের ব্যস্ত সূচি রয়েছে। ফলে এ সিরিজের জয় দিয়ে নিজেদের ঘরের মাঠের মৌসুম শুরু করতে চায় কামিন্সের দল।

ডারউইন টেস্টে অস্ট্রেলিয়ার একাদশ

জেক ওয়েদারাল্ড, ট্রাভিস হেড, মারনাস লাবুশেন, স্টিভ স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি, বো ওয়েবস্টার, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), নাথান লায়ন ও জশ হ্যাজলউড।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন