নেত্রকোনায় পৃথক অভিযান চালিয়ে অনলাইন জুয়া খেলার অভিযোগে তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত তিনটি মোবাইল ফোন ও ১৫০ পাতার স্ক্রিনশট জব্দ করা হয়।
শুক্রবার বিকেলে নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ৫ মিনিটে নেত্রকোনা পৌরসভার কাটলী ব্রিজ এলাকায় অভিযান চালায় ডিবির একটি দল। অভিযানে কাটলী ব্রিজের পূর্ব পাশে একটি মুদিদোকানের ভেতর থেকে অনলাইনে জুয়া খেলার সময় দুইজনকে আটক করা হয়।
তারা হলেন—কাটলী এলাকার তৌহিদ হাসান খান ওরফে রকিব (৪২) এবং মো. রিপুল উদ্দিন (২৪)। তাদের কাছ থেকে অনলাইন জুয়ায় ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও জুয়া খেলার প্রমাণ হিসেবে ১৩৬ পাতার স্ক্রিনশট জব্দ করা হয়। এ ঘটনায় নেত্রকোনা মডেল থানায় জুয়া প্রতিরোধ আইনে মামলা হয়েছে।
ওই দিন রাত ১০টা ২০ মিনিটে পূর্বধলা থানা এলাকায় অভিযান চালায় ডিবি। এ সময় নেত্রকোনা-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের ওপর বসে অনলাইনে জুয়া খেলার সময় মো. রাজিব মিয়া (৪০) নামের একজনকে আটক করা হয়। তিনি পূর্বধলা উপজেলার হাট বারেঙ্গা গ্রামের মৃত স্বপন মেম্বারের ছেলে।
তার কাছ থেকে অনলাইন জুয়ায় ব্যবহৃত একটি মোবাইল ফোন ও ১৪ পাতার স্ক্রিনশট জব্দ করা হয়। এ ঘটনায় পূর্বধলা থানায় মামলা করা হয়েছে।
জেলা পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তার তিন আসামিকে শুক্রবার জেলা আদালতে সোপর্দ করা হয়েছে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

