নির্ধারণী ম্যাচে দ্রুত উইকেট পতনের মিছিলের বিপরীতে দারুণ জুটি গড়েন নাজমুল হোসেন শান্ত-লিটন দাস। দুজন মিলে চতুর্থ উইকেট জুটিতে যোগ করেন ১৬০ রান। ওই জুটিই মূলত গড়ে দেয় বাংলাদেশের ম্যাচ জয়ের ভিত। দারুণ জুটি গড়া শান্তর ব্যাটে আসে ১০৫ রান আর লিটন করেন ৭৬ রান। দলকে বিপদ থেকে টেনে তোলা শান্ত-লিটনের কাছে এমন পারফরম্যান্সই আশা করেন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ।
নাজমুল হোসেন শান্ত ও মেহেদি হাসান মিরাজের দারুণ পারফরম্যান্সের পর বল হাতে ফাইফার নিয়ে ফের নিজেকে প্রমাণ করেন মোস্তাফিজুর রহমান। সাত বছর পর ফাইফারের দেখা পান তিনি। তিন সিনিয়রের এমন পারফরম্যান্সে ম্যাচ জয়ের পর অধিনায়ক মিরাজ জানান, তাদের কাছে প্রত্যাশাটা এমনই তার।
এ নিয়ে মিরাজ বলেন, ‘অবশ্যই শান্ত যেভাবে ব্যাটিং করেছে আমরা ওর কাছ থেকে এ রকমই আশা করি। খুব ভালো একটা ইনিংস খেলেছে। লিটন দাসও যেভাবে ব্যাটিং করেছে, সেটাও দারুণ। মোস্তাফিজ অসাধারণ পারফরম্যান্স করেছে। আমরা সব সময় আশা করি মোস্তাফিজ এরকমই বোলিং করবে।’
তিন সিনিয়রের পারফরম্যান্সে দলের জন্য জয়ের পথ সহজ হয়েছে সেটা বলতেও ভুল করেননি মিরাজ। অধিনায়কের ভাষ্যমতে, ‘সবাই অনেক অভিজ্ঞ ক্রিকেটার। বাংলাদেশের জন্য অনেক দিন খেলেছে। আমার কাছে মনে হয় এবার যে পারফরম্যান্স দেখিয়েছে এটা ভালো। তাতে দলের জন্য ভালো ফল হবে।’
তিন অভিজ্ঞর পাশাপাশি তরুণ নাহিদ রানার প্রশংসাও ছিল তার কণ্ঠে। তরুণ এই ডানহাতি পেসারকে দেশের জন্য সম্পদ হিসেবে বিবেচনা করছেন বলেও জানান মিরাজ। সে অনুযায়ী নাহিদের যত্ন নেওয়ার কথাও ছিল তার কণ্ঠে। এ নিয়ে তিনি বলেন, ‘নাহিদ রানা আমাদের দেশের জন্য অনেক বড় সম্পদ। আমরা সবাই অবশ্যই চেষ্টা করব যত্ন করার। আর ও যেভাবে নিজেকে মেইনটেইন করছে এটা আসলে দলের জন্য অনেক লাভজনক।’
পাকিস্তান সিরিজের পর নিউজিল্যান্ডের বিপক্ষেও দারুণ বোলিং করে নিজের ধারাবাহিকতা ধরে রেখেছেন নাহিদ। এ নিয়ে মিরাজের ভাষ্য, ‘শেষ দুটি সিরিজ যেভাবে বোলিং করেছে এটা অধিনায়ক হিসেবে একটা গ্রেট মোমেন্টাম নিয়ে আসে। সব সময় আমার মনে হয় ও যেভাবে বল করছে এটা ধারাবাহিকভাবে করতে পারলে বাংলাদেশ দল ম্যাচ জিততে পারবে।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

