বাগেরহাটের ফকিরহাট থেকে আইএমইআই পরিবর্তন করা ৫৯ চোরাই মুঠোফোন উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। সোমবার দিবাগত রাত ৯টা ৪০ মিনিটে রেজাউল রহমান পলাশ ও পুষ্প টেলিকম নামক মোবাইল ফোনের দোকানে অভিযান চালিয়ে ৫৯টি আইএমইআই পরিবর্তনকৃত মোবাইল ফোনসেটসহ চারজনকে আটক করে গোয়েন্দা পুলিশ।
আটকৃতরা হলেন—ফকিরহাটের পাগলা শ্যামনগর গ্রামের শেখ সিদ্দিকুর রহমানের ছেলে রেজাউর রহমান পলাশ (৩৪), বাগেরহাটের আতাইকাঠির আক্কেল আলী শেখের ছেলে মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম (২৬), রূপসা থানার ঘাটভোগ গ্রামের চৈতন্য সাহার ছেলে চন্দন সাহা (৩০) এবং ভট্ট বালিয়াঘাটার জাহাঙ্গীর খানের ছেলে হুছাইন খান।
মঙ্গলবার সকালে পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে বাগেরহাটের পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার এসব তথ্য জানান।
তিনি বলেন, প্রতিটি মুঠোফোনের একটি ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি (আইএমইআই) নম্বর থাকে, যে নম্বর দিয়ে ওই মুঠোফোন শনাক্ত করা হয়। কিন্তু এই চোর চক্রের সদস্যরা সেসব নম্বর পরিবর্তন করে ফেলে। মুঠোফোন উদ্ধারের সময় চোর চক্রের চার সদস্যকে আটক করা হয়েছে। এদের সঙ্গে জড়িত আরও তিনজন পালিয়ে যায়। আটক ও পলাতক সবার বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। প্রকৃত মালিকদের কাছে মুঠোফোন ফিরিয়ে দিতে প্রক্রিয়া শুরু করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

-54b6e8.jpg)