সৈয়দ খালেদ আহমেদের দুর্দান্ত বোলিং আর ব্যাট হাতে অমিত হাসান, শাহাদাত হোসেন দিপু ও জাকের আলীর নৈপুণ্যে জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ ইমার্জিং দল। রাজশাহীতে অনুষ্ঠিত তৃতীয় ও শেষ ম্যাচে ৪ উইকেটের জয় তুলে নিয়ে ২-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে স্বাগতিকরা।
বৃষ্টির কারণে দ্বিতীয় ম্যাচ পরিত্যক্ত হওয়ায় সিরিজ নির্ধারণী হয়ে ওঠা এই লড়াইয়ে টস হেরে আগে ব্যাট করতে নেমে ২৯৯ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে ‘এ’ দল। দলের হয়ে ইনোসেন্ট কাইয়া দুর্দান্ত একটি সেঞ্চুরি করেন। উদ্বোধনী জুটিতে ম্যাথু ক্যাম্পবেলের সঙ্গে ৮২ রান যোগ করার পর ইনিংস বড় করেন তিনি। ১১০ বলে ১০৩ রানের ইনিংসে ছিল ৫টি চার ও ৬টি ছক্কা। এছাড়াও রায়ান বার্ল ৫০ রান যোগ করলে লড়াকু সংগ্রহ পায় সফরকারীরা।
বাংলাদেশের হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন অভিজ্ঞ পেসার সৈয়দ খালেদ আহমেদ। ৪৫ রানে ৪ উইকেট শিকার করেন তিনি। আব্দুর গাফফার সাকলাইন নেন ৩ উইকেট।
৩০০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে বাংলাদেশ। ওপেনার শাহাদাত হোসেন দিপু ও অমিত হাসান প্রথম উইকেটে ১২২ রানের জুটি গড়ে দলের জয় অনেকটাই সহজ করে দেন। দিপু ৫০ বলে ৫৪ রান করে আউট হলেও অমিত হাসান ইনিংসের হাল ধরে রাখেন। সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত ৮৪ বলে ৮০ রান করে ফিরে যান তিনি। তার ইনিংসে ছিল ৯টি চার।
মাঝে ইয়াসির আলী রাব্বি ২২ রান করলেও সামিউন বশির রাতুল ও অধিনায়ক জাকির হাসানের দ্রুত বিদায়ে কিছুটা চাপে পড়ে বাংলাদেশ। তবে সেই চাপ সামলে দলকে জয়ের পথে এগিয়ে নেন জাকের আলী ও মইন খান। ষষ্ঠ উইকেটে তাদের ৮২ রানের জুটি ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। মইন ৩৬ বলে ৪৩ রান করে আউট হলেও জাকের আলী শেষ পর্যন্ত অপরাজিত থাকেন। ৭টি চার মেরে ৭৫ বলে ৬১ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন তিনি।
আর তাতে ১২ বল হাতে রেখেই ৬ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ ইমার্জিং দল। এর ফলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-০ ব্যবধানে জিতে নেয় স্বাগতিকরা। ওয়ানডে সিরিজ শেষে এবার দুই দল মুখোমুখি হবে দুই ম্যাচের চার দিনের সিরিজে। আগামী ১৭ জুন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রথম ম্যাচ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

