রাজশাহীর ক্রীড়াঙ্গনে আবারও জমে উঠতে যাচ্ছে ব্যাংকারদের জনপ্রিয় ক্রিকেট আসর। ব্যাংকার্স ক্লাব রাজশাহীর উদ্যোগে আয়োজিত ব্যাংকার্স ক্লাব ক্রিকেট টুর্নামেন্টের ১৩তম আসর শুরু হচ্ছে আগামী ৩ এপ্রিল ২০২৬, শুক্রবার।
রাজশাহী মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে মোট ১৬টি ব্যাংক। প্রতিবছরের মতো এবারও বাংলাদেশ ব্যাংকসহ রাজশাহীতে কার্যরত বিভিন্ন ব্যাংকের কর্মকর্তারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।
টুর্নামেন্টটি আয়োজন করছে ব্যাংকার্স ক্লাব রাজশাহী, যারা ২০১৪ সাল থেকে নিয়মিতভাবে এই ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করে আসছে। সময়ের সঙ্গে সঙ্গে এটি রাজশাহীর অন্যতম আকর্ষণীয় ক্রীড়া ইভেন্টে পরিণত হয়েছে। ব্যাংকাররা সপরিবারে মাঠে এসে খেলা উপভোগ করায় এই আসরটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
এবারের আসরে খেলা অনুষ্ঠিত হবে সাপ্তাহিক ছুটির দিন—শুক্রবার ও শনিবার। পাশাপাশি বাংলা নববর্ষ উপলক্ষে পয়লা বৈশাখের দিনও ম্যাচ আয়োজন করা হবে। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ২৪ এপ্রিল।
এবারের আসরের ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্বে রয়েছে সাবেক জাতীয় ক্রিকেটার খালেদ মাসুদ পাইলটের নেতৃত্বাধীন ক্লেমন ক্রিকেট একাডেমি। আর মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত রয়েছে ‘আমার দেশ’ পত্রিকা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ব্যাংক, রাজশাহীর নির্বাহী পরিচালক (গ্রেড-১) মোঃ আমজাদ হোসেন খাঁন। বিশেষ অতিথি হিসেবে থাকবেন রূপালী ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক কাজী মোঃ ওয়াহিদুল ইসলাম।
এছাড়া অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক খালেদ মাসুদ পাইলট এবং বিশিষ্ট ব্যবসায়ী ও ডন রেডিমিক্স কনক্রিটের স্বত্বাধিকারী মোঃ হারুন উর রশীদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ ব্যাংক, রাজশাহীর পরিচালক ও ব্যাংকার্স ক্লাব রাজশাহীর সহ-সভাপতি মোঃ নাজিম উদ্দিন।
সব মিলিয়ে ব্যাংকার্স ক্লাব ক্রিকেটের এবারের আসরও রাজশাহীর ক্রীড়াপ্রেমীদের জন্য একটি জমজমাট আয়োজন হয়ে উঠবে বলে প্রত্যাশা আয়োজকদের।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

