মিরপুর টেস্ট শেষে ড্রেসিংরুমে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলছিলেন, আজকে উপভোগ করব। কাল থেকে আবার মানসিকভাবে প্রস্তুত হতে হবে পরের টেস্টের জন্য। ড্রেসিংরুমে দলের অধিনায়কের কথায় স্পষ্ট, পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের জন্য মরিয়া পুরো দল। এক টেস্ট জিতেই সন্তুষ্ট থাকতে চায় না বাংলাদেশ। গতকাল সিলেটে দ্বিতীয় ও শেষ টেস্টের জন্য অনুশীলন করেছে লাল-সবুজ প্রতিনিধিরা। এ টেস্টের আগে গতকাল সংবাদ সম্মেলনে আসেন ফিল্ডিং কোচ আশিকুর রহমান মজুমদার। সেখানে তিনি জানান, দ্বিতীয় টেস্টের জন্য লক্ষ্য নির্ধারণ করে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল।
মিরপুরে সিরিজের প্রথম টেস্টে ১০৪ রানের বিশাল জয় পায় বাংলাদেশ। ওই ম্যাচে তিন বিভাগেই দারুণ খেলেছে লাল-সবুজ প্রতিনিধিরা। এবার লক্ষ্য তিন বিভাগে পারফর্ম করে সিরিজ নিজেদের করে নেওয়া। এ নিয়ে গতকাল সংবাদ সম্মেলনে আশিকুর রহমান মজুমদার বলেন, ‘অধিনায়ক শান্ত (নাজমুল হোসেন শান্ত) পঞ্চম দিনে আমাদের উদযাপনের সময় একটা রিমাইন্ড দিয়ে দিয়েছে। আজকের (মিরপুর টেস্টের শেষদিন) দিনটি আমরা উপভগ করব। কিন্তু আমরা পরের ম্যাচের জন্য আবার যেন মানসিকভাবে প্রস্তুত হই। তো মাশাল্লাহ, আমাদের ক্রিকেটাররা সে লক্ষ্যেই এগোচ্ছে। আজ (গতকাল) এবং আগামীকাল (আজ) অনুশীলন আছে; এগুলো নিয়ে কাজ হবে।’
সিলেট টেস্টের আগে পাকিস্তান একাদশে ফিরতে পারেন বাবর আজম। তার ফেরা দলের জন্য বাড়তি চ্যালেঞ্জ এনে দেবে কি না, সে প্রশ্নের জবাবে আশিকুর রহমান বলেন, ‘তেমন আমার কাছে তেমন মনে হয় না। আমাদের ক্রিকেটাররা অনেক অভিজ্ঞ এবং অনেক এনার্জেটিক। তারা জানে তার দুর্বল জোন কোনটি, তার শক্তির জায়গা কোনটি। আমার কাছে মনে হয় না চাপ বা কোনো কিছু।’
এছাড়া দলের ক্রিকেটারদের বাড়তি অনুপ্রেরণা জোগাতে চান বলেও জানান আশিকুর রহমান। তার কথায়, ‘আমার দর্শনÑক্রিকেটাররা হলো সূর্যের আলোর মতো, আর কোচরা আয়নার মতো। সূর্যের আলো যখন আয়নাতে পড়ে, তখন এটা প্রতিফলিত হয়। আমি একেক দিন একেকটি স্লোগান লিখে আনি। এটা আমাদের খুব কাজে দেয় এনার্জি ফিল করার। মাঝে মাঝে ইতিবাচক, কখনো পারস্পরিক সহযোগিতা, সামটাইম পিউরিটি, কখনো একাত্মতা।’
দলের ফিল্ডিং নিয়ে আশিকুর রহমান মজুমদার বলেন, ‘দ্বিতীয় ইনিংসেও আমাদের দুর্দান্ত এনার্জি ছিল। প্রথম দিনে যেমন এনার্জি ছিল, পঞ্চম দিনে গিয়ে ফিল্ডিং কোচ হিসেবে আমার কাছে মনে হয়েছে ১১০ শতাংশ ছিল।’
সামনে দল আরো ভালো করবে বলে বিশ্বাস করেন তিনি। সেই ধারাবাহিকতার শুরুটা সিলেট টেস্ট থেকেই হবে বলে মনে করেন ফিল্ডিং কোচ আশিকুর রহমান মজুমদার। কোচের কথার মান লাক্কাতুরায় লাল-সবুজ প্রতিনিধিরা রাখতে পারে কি নাÑসেটাই এখন দেখার অপেক্ষা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

