ডারউইন টেস্টের প্রথম দিনে একাধিকবার জীবন পেয়েছেন স্টিভেন স্মিথ। তানজিদ হাসানের হাত থেকে ২ রানে ক্যাচ ছাড়ার পর ইবাদত হোসেনের বলেও আউট হতে হতে বেঁচে যান অস্ট্রেলিয়ান ব্যাটার। তবে দ্বিতীয়বারের ঘটনাটি ছিল প্রযুক্তিনির্ভর। শেষ পর্যন্ত ৭১ রান করে দলকে লড়াইয়ের স্কোরে পৌঁছে দেন স্মিথ। তবে ম্যাচ শেষে আলাপ উঠেছে তার দ্বিতীয়বার আউট নিয়ে। স্মিথের ভাষায়, প্রযুক্তি থাকায় বেঁচে গেছেন তিনি।
ইবাদতের করা ২১তম ওভারের একটি বল স্মিথের ব্যাটের পাশ দিয়ে গিয়ে লিটন দাসের গ্লাভসে জমা পড়ে। বাংলাদেশ জোরালো আবেদন করলেও আম্পায়ার কুমার ধর্মসেনা তাতে সাড়া দেননি। রিভিউ নেয় বাংলাদেশ। আউট ভেবে ড্রেসিংরুমের দিকে হাঁটতে শুরু করেছিলেন স্মিথও। কিন্তু আলট্রাএজে কোনো স্পাইক ধরা না পড়ায় সিদ্ধান্ত বদলে যায়। ফলে আবার ব্যাটিংয়ে ফেরেন তিনি।
সংবাদ সম্মেলনে ঘটনাটি নিয়ে স্মিথ বলেন, ‘আমারও তা-ই মনে হয় (ব্যাটে লেগেছে)। মাঝেমধ্যে এমন হয়। হয়তো আমার ব্যাটে লাগেনি কিন্তু আমি (বল ব্যাটে লাগার মতো) কিছু একটা অনুভব করেছি। যদি আউট দিত, চলে যেতাম। কিন্তু মনে হচ্ছে প্রযুক্তি আমাকে আজ (গতকাল) বাঁচিয়ে দিয়েছে।’
স্মিথের বেঁচে যাওয়ার পরও অস্ট্রেলিয়ার ইনিংস বড় হয়নি। হাসান মাহমুদের ক্যারিয়ারসেরা ৬ উইকেটের সামনে ১৯৮ রানে অলআউট হয়েছে স্বাগতিকরা। দিন শেষে বাংলাদেশ ১ উইকেটে ৯৬ রান করেছে। অস্ট্রেলিয়ার চেয়ে পিছিয়ে ১০২ রানে। তবে স্মিথের আশা, দ্বিতীয় দিনে দ্রুত উইকেট নিয়ে ম্যাচে ফিরবে অস্ট্রেলিয়া।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

