তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করেছিল দক্ষিণ আফ্রিকা। শেষ ম্যাচ ছিল স্রেফ আনুষ্ঠানিকতা। তাতে অবশ্য ৪ রান বেশি করেও হারতে হয়েছে প্রোটিয়াদের। বৃষ্টির কারণে ১০ ওভারে নেমে আসা ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বৃষ্টি আইনে ৬ রানের সান্ত্বনার জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ১০ ওভারে ৩ উইকেটে ১১৪ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। ডিএলএস হিসাব অনুযায়ী দক্ষিণ আফ্রিকার লক্ষ্য দাঁড়ায় ১২৫ রান। তবে ৬ উইকেটে ১১৮ রানের বেশি করতে পারেনি স্বাগতিকরা।
টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারেই জনসন চার্লসকে হারায় ওয়েস্ট ইন্ডিজ। মাঝে বজ্রপাতের কারণে খেলা বন্ধ থাকে। বন্ধ হওয়ার আগে ও পরে আগ্রাসী ব্যাটিংয়ে দলকে এগিয়ে নেন শাই হোপ ও হেটমায়ার। দ্বিতীয় উইকেটে দুজন গড়েন ৪১ বলে ৮৬ রানের জুটি। চারটি ছক্কা ও তিনটি চারে ২৫ বলে ৪৮ রান করেন হোপ। ছয়টি ছক্কা ও একটি চারে ২২ বলে ৪৮ রানে অপরাজিত থাকেন হেটমায়ার। দুই ছক্কায় ৭ বলে ১৩ রান করেন পাওয়েল। তাতেই বড় সংগ্রহ পায় উইন্ডিজ।
রান তাড়ায় শুরুতেই এইডেন মার্করামকে হারায় দক্ষিণ আফ্রিকা। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান কুইন্টন ডি কক (১৪ বলে ২৮) ভালো শুরু করলেও বেশি দূর যেতে পারেননি। পাল্টা আক্রমণের চেষ্টা করেন ডেওয়াল্ড ব্রেভিস ও রায়ান রিলেকটন। তবে তারাও সফল হতে পারেননি। রিকেলটন ৭ বলে ১৫ ও ব্রেভিস ১০ বলে ১৭ করে বিদায় নেন। একটি করে চার ও ছক্কায় ৯ বলে ১৭ রান করেন জর্জ লিন্ডা। জেসন স্মিথের ব্যাটে আশা জিইয়ে থাকে প্রোটিয়াদের। তবে শেষ ওভারে ১৬ রানের সমীকরণ মেলাতে পারেননি।
সংক্ষিপ্ত স্কোর
ওয়েস্ট ইন্ডিজ : ১০ ওভারে ১১৪/৩ (হোপ ৪৮, হেটমায়ার ৪৮*, পাওয়েল ১৩; এনগিডি ১/১৯, মাফাকা ১/১২)
দক্ষিণ আফ্রিকা : (১০ ওভারে লক্ষ্য ১২৫) ১০ ওভারে ১১৮/৬ (ডি কক ২৮, স্মিথ ২৬, ব্রেভিস ১৭; মোতি ৩/১৭, শামার ১/২৩)
ফল : দক্ষিণ আফ্রিকা ডিএলএস পদ্ধতিতে ৬ রানে জয়ী
সিরিজ : ৩ ম্যাচের সিরিজে দক্ষিণ আফ্রিকা ২-১ ব্যবধানে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ : গুডাকেশ মোতি
ম্যান অব দ্য সিরিজ : কুইন্টন ডি কক
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

