নিউজিল্যান্ডের বিপক্ষে আগুনঝরা বোলিংয়ের পুরস্কার পেলেন নাহিদ রানা। আইসিসির এপ্রিল মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বাংলাদেশের এই তরুণ পেসার। আজ এক বিজ্ঞপ্তিতে মাসসেরা ক্রিকেটারের নাম ঘোষণা করে আইসিসি। এটাই নাহিদের ক্যারিয়ারের প্রথম আইসিসি মাসসেরা পুরস্কার।
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে এই সম্মান জিতেছেন নাহিদ। তিন ম্যাচের সিরিজে তিনি শিকার করেন ৮ উইকেট। এর আগে মার্চ মাসে পাকিস্তানের বিপক্ষেও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৮ উইকেট নিয়েছিলেন এই ডানহাতি গতিতারকা।
পুরস্কার জয়ের প্রতিক্রিয়ায় নাহিদ বলেন, “নিউজিল্যান্ডের মতো বিশ্বমানের দলের বিপক্ষে ভালো খেলতে পেরে এবং আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ হতে পেরে দারুণ লাগছে। নিজেদের মাঠে এই পারফরম্যান্স সিরিজটাকে আরও বিশেষ করে তুলেছে।”
তিনি আরও বলেন, “সতীর্থদের সমর্থন ও বিশ্বাসের জন্য আমি কৃতজ্ঞ। আশা করি সামনে আরও জয় ও স্মরণীয় মুহূর্ত উপহার দিতে পারব।”
নিউজিল্যান্ড সিরিজের প্রথম ওয়ানডেতে খুব একটা সফল ছিলেন না নাহিদ। ৬৫ রান দিয়ে নেন মাত্র ১ উইকেট। তবে দ্বিতীয় ম্যাচেই ভয়ংকর রূপে দেখা দেন তিনি। সেই ম্যাচে ক্যারিয়ারের দ্বিতীয় পাঁচ উইকেট শিকার করেন।
শুরুতেই পাওয়ারপ্লেতে দুই উইকেট নিয়ে কিউইদের চাপে ফেলেন। পরে আরও তিন ব্যাটারকে ফিরিয়ে নিউজিল্যান্ডের ব্যাটিং মেরুদণ্ড ভেঙে দেন তিনি। তার ৫ উইকেটে ১৯৮ রানেই অলআউট হয়ে যায় ব্ল্যাক ক্যাপসরা। ম্যাচে নাহিদের বোলিং ফিগার ছিল ৫/৩২।
চট্টগ্রামে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতেও ছন্দ ধরে রাখেন এই পেসার। আরও ২ উইকেট নিয়ে বাংলাদেশকে ২-১ ব্যবধানে সিরিজ জিততে বড় ভূমিকা রাখেন তিনি। দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে সিরিজসেরার পুরস্কারও জেতেন নাহিদ।
পুরো সিরিজে তার ৮ উইকেট এসেছে ১৬.৭৫ গড়ে এবং ৪.৪৬ ইকোনমি রেটে। ধারাবাহিক এই দুর্দান্ত বোলিংই শেষ পর্যন্ত তাকে এনে দিয়েছে আইসিসির মাসসেরা ক্রিকেটারের মর্যাদা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

