আগামী ৩ অক্টোবর থেকে মাঠে গড়াবে লাল বলের জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)। এবারের এনসিএলে অংশ নিচ্ছে আট বিভাগীয় দলÑসিলেট, ময়মনসিংহ, ঢাকা, রংপুর, খুলনা, চট্টগ্রাম, রাজশাহী ও বরিশাল। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে একে অপরের মুখোমুখি হবে দলগুলো। সাত রাউন্ডের লড়াই শেষ হবে ১৭ নভেম্বর।
এবারের এনসিএলে আছে বেশকিছু নতুনত্ব। প্রথম শ্রেণির ক্রিকেটের সংস্কৃতি সমৃদ্ধকরণ এবং ঘরোয়া ক্রিকেটারদের উজ্জীবিত করতে এবারই প্রথম অধিনায়কদের ব্যাগি ক্যাপ তুলে দেওয়া হচ্ছে ক্রিকেটারদের। বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দলগুলোর অধিনায়কের হাতে এই ক্যাপ হস্তান্তর করা হয়।
এবার আট বিভাগীয় দলের ক্যাপের ভিন্ন আট রঙ নির্ধারণ করে দিয়েছে বিসিবি। ক্যাপের রঙের ছোঁয়া থাকছে প্রতি দলের পোশাকেও।
বর্তমান অধিনায়কদের মাথায় ক্যাপ পরিয়ে দেন ওই বিভাগের প্রথম আসরের অধিনায়ক বা প্রতিনিধিরা। ঢাকা বিভাগের অধিনায়ক মাহিদুল ইসলাম অঙ্কনকে ক্যাপ পরিয়ে দেন সাবেক কিপার-ব্যাটার জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম বিভাগের অধিনায়ক ইয়াসির আলি চৌধুরীকে সাবেক ব্যাটসম্যান আজম ইকবাল, ময়মনসিংহ বিভাগের অধিনায়ক রকিবুল হাসানকে সাবেক পেসার সাইফুল ইসলাম, রাজশাহী বিভাগের অধিনায়ক প্রিতম কুমারকে সাবেক পেসার আলমগীর কবির, খুলনার অধিনায়ক মোহাম্মদ মিঠুনকে, সিলেটের অধিনায়ক জাকির হাসানকে, রংপুরের অধিনায়ক আকবার আলিকে, বরিশালের অধিনায়ক ইফতিখার হোসেন ইফতিকে ক্যাপ দেন সাবেক ক্রিকেটার তারিকুল ইসলাম টোটাম।
এবার জাতীয় লিগের ক্রিকেটে ফিরছে পরিচিত আরেক নাম কুকাবুরা। সাম্প্রতিক কয়েকটি আসরে ডিউক বল দিয়ে ম্যাচ আয়োজন করা হলেও এবার সে সিদ্ধান্ত থেকে সরে এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। চারদিনের ক্রিকেটে কুকাবুরার প্রত্যাবর্তন তাই আসরের অন্যতম আলোচিত পরিবর্তন।
এছাড়া এবারের আসর দিয়ে ঘরোয়া লিগে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়ার নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে ক্রিকেটারদের জন্য। বিসিবির নতুন পারিশ্রমিক কাঠামো অনুযায়ী এবারের আসরে ম্যাচপ্রতি সর্বোচ্চ এক লাখ টাকা পারিশ্রমিক পাওয়ার সুযোগ তৈরি হবে ক্রিকেটারদের।
প্রথমবার ব্যাগি ক্যাপ পেয়ে উচ্ছ্বাসের কথা জানাতে গিয়ে চট্টগ্রামের অধিনায়ক ইয়াসির আলী বলেন, ‘যারা টেস্ট ক্রিকেট পছন্দ করি, তারা জানি ব্যাগি ক্যাপ কতটা সম্মানের। এনসিএল বা ফার্স্ট ক্লাসে এরকম একটি আয়োজন করা হলে জুনিয়র প্লেয়াররা অনেক বেশি অনুপ্রাণিত হবে। আমাদের খেলার মানও অনেক দিক থেকে উন্নতি হবে।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

