শেষ ১০ টেস্ট ইনিংসে ৪ সেঞ্চুরি আর এক হাফ সেঞ্চুরি এটাই নাজমুল হোসেন শান্তর সাম্প্রতিক পারফরম্যান্স। এমন দারুণ ছন্দে থাকা শান্ত মিরপুর টেস্টেও ব্যাট হাতে ছিলেন উজ্জ্বল। প্রথম ইনিংসে ১০১ রানের পর দ্বিতীয় ইনিংসে করেন ৮৭ রান। দুবারই দলকে বিপদ থেকে রক্ষা করেছেন। ওপেনারদের ব্যর্থতা ঢেকেছেন নিজের পারফরম্যান্স দিয়ে। এমন দারুণ ছন্দে থাকা শান্ত বলেন, ব্যাটিংটা উপভোগ করছেন। অধিনায়কত্বের চাপ ব্যাটিংয়ে প্রভাব ফেলে না বলেই এমন ছন্দটা ধরে রাখতে পেরেছেন। অধিনায়কত্বের চাপ পড়ে না সেটাও অবশ্য সরাসরি বলেননি। তিনি বলেছেন, ব্যাটিংয়ের সময় অধিনায়কত্বের ব্যাপারটা মাথা থেকে সরিয়ে রাখেন তিনি।
ক্যারিয়ারে ১৫ বার পঞ্চাশোর্ধ রানের ইনিংস খেলেছেন নাজমুল হোসেন শান্ত। এর মধ্যে ৯টিতেই পেয়েছেন সেঞ্চুরির দেখা। অর্থাৎ, হাফ সেঞ্চুরি থেকে সেঞ্চুরিতে রূপান্তরের হারটা বেশ দারুণ। এমন দারুণ খেলতে থাকা শান্ত এখন আছেন রিচার্ড হ্যাডলি আর স্যার ডন ব্রডম্যানের পরের অবস্থানেই। এমন বড় তারকাদের সঙ্গে তুলনা করা হলে শান্তর ভাষ্য ছিল, ‘যে দুটি নামের কথা বলেছেন এই নাম আমার সঙ্গে যায় না একদম। মাফ করে দেন আমাকে।’
দারুণ খেলে মাটিতে পা রাখা শান্ত নিজের ব্যাটিং নিয়ে বলেন, ‘আমার মনে হয় ব্যাটিংটা আমি উপভোগ করি। যখন ব্যাটিং করি একদম ব্যাটার হিসেবে চিন্তা করি। অধিনায়কত্ব টস করা, ফিল্ডিং সাজানো এবং বোলিং পরিবর্তনÑএগুলো তো মাঠের ভেতরের কাজ। কিন্তু আমি যখন ব্যাটিং করি তখন আমি একজন ব্যাটার। আমার দায়িত্ব রান করা। ওইভাবে আমি চিন্তা করতে পছন্দ করি।’
ব্যাটিংয়ের সময় নিজেকে শুধুই ব্যাটার ভাবা নাজমুল হোসেন শান্ত প্রথম ইনিংসে থামেন সেঞ্চুরি করেই। তার ব্যাটে আসে ১০১ রান। দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি মিস করে আউট হন ৮৭ রানে। তবে দুই ইনিংস নিয়ে কোনো রকম আক্ষেপই রাখেনিন তিনি। দলের প্রথম ইনিংসে আরো কিছুটা সময় ব্যাটিং করতে পারলে তা ভালো হতো বলে মনে করেন। তবে দ্বিতীয় ইনিংসে স্বাভাবিক ব্যাটিংটাই করেছেনÑএটাই মনে করেন শান্ত।
তার কথায়, ‘আমার মনে হয় প্রথম ইনিংসে ইনিংসটা বড় হতে পারত। যেভাবে আমি ব্যাটিং করছিলাম, উইকেটটা অনেক চ্যালেঞ্জিং ছিল। বিশেষ করে প্রথম দুই-তিন ঘণ্টা অনেক চ্যালেঞ্জ ছিল। তারপরও আমার মনে হয় ইনিংসটা আরেকটু বড় হতে পারত। দ্বিতীয় ইনিংসে আমি বলব যেভাবে ব্যাটিং করতে চেয়েছি, পেরেছি। ওভারঅল ব্যাটিং ভালো হয়েছে।’
নিজের ব্যাটিং নিয়ে শান্ত আরো বলেন, ‘আমার মনে হয় ব্যাটিং সব সময় উপভোগ করি। রান না করলে শুধু উপভোগ করি না। ভালো লাগছে ব্যাটিং ভালো হচ্ছে।’
দারুণ ব্যাটিং করা শান্তর দায়িত্ব শুধু ব্যাটার হিসেবেই ছিল না। মাঠে অধিনায়কত্ব করাটাও ছিল তার কাজ। শেষদিনে ওই কাজটা কীভাবে করেছেন তিনি? সেই প্রশ্নের জবাবে শান্ত বলেন, ‘আজকে সকাল থেকে আমাদের একটা বার্তা ছিল আমরা খেলাটা জেতার জন্য খেলব। পরিস্থিতি যেরকমই থাক। চা বিরতিতেও কোচ এই বার্তাটাই দিয়েছে। আমরা সবাই ওই বিশ্বাসটা নিয়েই ঢুকেছিলাম যে এখান থেকে আমরা খেলাটা জিতব।’
শেষদিনে পেসারদের ওপর ভরসা রাখা নিয়ে শান্ত বলেন, ‘শেষ কয়েকদিন ধরে মিরপুরের উইকেট খুবই ভালো। প্রত্যাশা আমাদের ছিল টেস্টেও এরকম উইকেট আমরা পাব। খুবই ভালো লেগেছে পঞ্চম দিনে এসে রানা এবং তাসকিন ভাই উইকেট নিয়েছেন।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

