সাব্বিরের সেঞ্চুরি, ইনিংস ব্যবধানে জয় চট্টগ্রামের

সাব্বিরের সেঞ্চুরি, ইনিংস ব্যবধানে জয় চট্টগ্রামের

জাতীয় লিগের দ্বিতীয় রাউন্ডের শেষদিনে সেঞ্চুরির দেখা পেয়েছেন সাব্বির রহমান। ওই সেঞ্চুরিতেই খুলনার বিপক্ষে হার এড়িয়েছে রাজশাহী। কক্সবাজারে বরিশালকে ইনিংস ব্যবধানে হারিয়েছে চট্টগ্রাম। বাকি দুটো ম্যাচ ড্র হয়েছে।

বিজ্ঞাপন

সাব্বিরের সেঞ্চুরি, হার এড়াল রাজশাহী

মিরপুরে ৮ বছর পর সেঞ্চুরির দেখা পেলেন সাব্বির রহমান।

প্রথম শ্রেণির ক্রিকেটে ২০১৮ সালে সর্বশেষ সেঞ্চুরির দেখা পেয়েছিলেন তিনি। মঙ্গলনার খুলনা বিভাগের বিপক্ষে রাজশাহী বিভাগের দ্বিতীয় ইনিংসে করেছেন ১১৩ রান। জাতীয় ক্রিকেট লিগে এই সংস্করণে ৮৪ ম্যাচ খেলে এটিই সাব্বিরের মাত্র পঞ্চম সেঞ্চুরি।

দ্বিতীয় ইনিংসে সাব্বিরের অনবদ্য ব্যাটিংয়ে হার এড়িয়েছে রাজশাহী। প্রথম ইনিংসে ১১৯ রানে অলআউট দলটি দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ৫০০ রান তোলার পর ড্র মেনে নেয় দুই দল।

সংক্ষিপ্ত স্কোর-

রাজশাহী- ১১৯/১০ ও ৫০০/৯

খুলনা- ৪৮৪/১০

ফলাফল: ড্র

ইনিংস ব্যবধানে জয় চট্টগ্রামের

ইনিংস ব্যবধানে হারের শঙ্কা নিয়ে মঙ্গলবার কক্সবাজারে শেষ দিন শুরু করেছিল বরিশাল বিভাগ। দিন শেষে সেই শঙ্কা সত্যি করেই চট্টগ্রাম বিভাগের কাছে ইনিংস ব্যবধানে হেরেছে দলটি। তবে বরিশাল দ্বিতীয় ইনিংসে আর একটি রান করলেই আবারও ব্যাটিংয়ে নামতে হতো চট্টগ্রামকে। বরিশালের হেরেছে ইনিংস ও ১ রানে! আর তাতে মৌসুমে প্রথম দুই ম্যাচেই হারল বরিশাল।

৪ উইকেটে ১৪৯ রান নিয়ে দিন শুরু করে বরিশাল এদিন প্রথম সেশনে উইকেট হারায়নি। আগের দিনের অপরাজিত দুই ব্যাটার রাফসান আল মাহমুদ ও মঈনুল ইসলাম যেভাবে ব্যাটিং করছিলেন, মনে হচ্ছিল চট্টগ্রামকে আবার ব্যাটিংয়ে নামতে হচ্ছে। ৪ উইকেটে ২২৬ রান নিয়ে মধ্যাহ্নবিরতিতে যায় বরিশাল।

বিরতির পর চতুর্থ ওভারে ৭২ রান করা রাফসানকে হারায় বরিশাল। ১৬ ওভার টিকতে পারা বরিশাল অলআউট হয় ২৯৩ রানে।

চট্টগ্রামের বাঁহাতি স্পিনার আশরাফুল হাসান রোহান ৭৭ রানে নেন ৫ উইকেট। ২ উইকেট নেওয়া আরেক বাঁহাতি স্পিনার হাসান মুরাদ ছুঁয়েছেন প্রথম শ্রেণির ক্রিকেটে ২০০ উইকেটের মাইলফলক।

সংক্ষিপ্ত স্কোর-

চট্টগ্রাম- ৫৭৬/১০

বরিশাল- ২৮২/১০ ও ২৯৩/১০

ফলাফল: ড্র

সিলেটে আশরাফুল-আশিকুরের

সেঞ্চুরি, ম্যাচ ড্র

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শেষ দিনে সেঞ্চুরি পেয়েছেন সিলেট বিভাগের আশরাফুল হাসান রিহাদ (১১২) ও ঢাকা বিভাগের আশিকুর রহমান (১০১*)। তবে ড্র করেছে তাদের দল।

৫ উইকেটে ৪৩১ রান নিয়ে দিন শুরু করা সিলেটের প্রথম ইনিংস থামে ৪৯৬ রানে। ঢাকার লেগ স্পিনার আমিনুল ইসলাম পেয়েছেন ৫ উইকেট। এরপর ৬ উইকেটে ২১৯ রান তুলে ইনিংস ঘোষণা করে ঢাকা। ২৭১ রানের লক্ষ্য পাওয়া ঢাকা দ্বিতীয় ইনিংসে ২ ওভারে ১ উইকেটে ২ রান তোলার পর ড্র মেনে নেয় দুই দল।

সংক্ষিপ্ত স্কোর:

ঢাকা- ৫৪৭/৬ ও ২১৯/৬

সিলেট- ৪৯৬/১০ ও ২/১

ফলাফল: ড্র

ময়মনসিংহ-রংপুর ম্যাচও ড্র

সিলেট একাডেমি মাঠে ম্যাচ জিততে ৩৭৩ রানের লক্ষ্য পায় ময়মনসিংহ। ৮০ ওভারের মতো হাতে ছিল দলটির। তবে দলটি ৪ উইকেটে ১৮৯ রান তোলার পর ড্র মেনে নেয় দুই দল। এর আগে ৬ উইকেটে ১৯৫ রান নিয়ে দিন শুরু করা রংপুর আর কোনো উইকেট না হারিয়ে ২৪৫ রানে ইনিংস ঘোষণা করে।

সংক্ষিপ্ত স্কোর-

রংপুর-৪২২/৯ ও ২৪৫/৬

ময়মনসিংহ- ২৯৫/১০ ও ১৮৯/৪

ফলাফল: ড্র

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন