আজ বৃষ্টির সম্ভাবনা কম, সারা দেশে ভ্যাপসা গরম বাড়তে পারে

আজ বৃষ্টির সম্ভাবনা কম, সারা দেশে ভ্যাপসা গরম বাড়তে পারে

আজ সারা দিন চট্টগ্রাম ও সিলেট বিভাগ ছাড়া সারা দেশের আবহাওয়া সাধারণত শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে আগের কয়েক দিনের তুলনায় তাপমাত্রা কিছুটা বেড়ে এবং বাতাসে আর্দ্রতার আধিক্যে ভ্যাপসা গরম ছড়িয়ে পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বিজ্ঞাপন

এদিকে স্থল নিম্নচাপের প্রভাব কাটতে না কাটতেই মৌসুমি বায়ুর সক্রিয়তায় আগামীকাল থেকে আবারও সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। বর্তমানে স্থল নিম্নচাপটি দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে ভারতের ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন বিহার এলাকায় অবস্থান করছে। এটি আরও দুর্বল হয়ে মৌসুমি বায়ুর অক্ষের সঙ্গে মিলিয়ে যেতে পারে। ফলে এর সরাসরি প্রভাব বাংলাদেশের ওপর পড়ার সম্ভাবনা কম। তবে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় বর্ধিত পাঁচ দিনে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, লঘুচাপটি দুর্বল হওয়ার কারণে বৃহস্পতিবার বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমতে পারে। তবে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও তুলনামূলকভাবে কিছুটা বেশি বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য বিভাগেও বিচ্ছিন্নভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আজ সকাল ৭টা নাগাদ আগের ২৪ ঘণ্টায় রাজধানীতে ১২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আর সারা দেশের মধ্যে লক্ষ্মীপুরের রামগতিতে সর্বোচ্চ ২৭ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়। বৃষ্টিপাতের প্রবণতা কমায় এ সময়ে সারা দেশের মধ্যে যশোরে সর্বোচ্চ ৩৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং রাজধানীতে ৩৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়, যা আগের কয়েক দিনের তুলনায় কিছুটা বেড়েছে।

এর আগে কয়েক দিন ধরে নিম্নচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হয়েছে। বিশেষ করে চট্টগ্রামে ভারি বৃষ্টিতে নগরের বিভিন্ন নিচু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। ১৭ আগস্ট সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১৮৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল, যার মধ্যে শেষ তিন ঘণ্টাতেই ১০৯ মিলিমিটার বৃষ্টি হয়।

আবহাওয়াবিদদের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। সাম্প্রতিক আপডেট তথ্যে জানা গেছে, আগামী পাঁচ দিন বা তার পরেও সারা দেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির এই প্রবণতা অব্যাহত থাকতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।

স্থল নিম্নচাপটি দুর্বল হয়ে যাওয়ায় বঙ্গোপসাগরের পরিস্থিতি আগের তুলনায় শান্ত হয়েছে। ফলে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে পূর্বে জারি করা ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত নামিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে বর্ষাকালে সাগরে হঠাৎ আবহাওয়ার পরিবর্তন হতে পারে বলে নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দেওয়া হচ্ছে।

বৃষ্টিপাতের প্রবণতা সাময়িকভাবে কমে আসায় দেশের বিভিন্ন এলাকায় তাপমাত্রা কিছুটা বেড়েছে, যা বৃষ্টির বিরতির সময়ে ভ্যাপসা গরম তৈরি করেছে। তবে আগামী কয়েক দিনে বৃষ্টির পরিমাণ বাড়লে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে।

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির আমার দেশকে জানান, আগামী ২৪ ঘণ্টার মধ্যে সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে লঘুচাপ আকারে মৌসুমি বায়ুর অক্ষের সঙ্গে মিলিয়ে যেতে পারে। এতে আজ বৃহস্পতিবার সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা সাময়িকভাবে কমলেও মৌসুমি বায়ুর সক্রিয়তায় আগামী ২১ থেকে ২৪ আগস্ট নাগাদ আবারও সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা জোরালোভাবে বাড়তে পারে। বিশেষ করে চট্টগ্রাম, সিলেট, বরিশাল ও খুলনা অঞ্চলের মানুষকে ভারি বৃষ্টির পূর্বাভাসের ক্ষেত্রে বাড়তি সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন