পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দ্বিতীয় টেস্টের লড়াই এখন বলতে গেলে পুরোই একপেশে। ত্রিনিদাদের পোর্ট অব স্পেনে জয়টা যেন উঁকি দিচ্ছে পাকিস্তানের আকাশে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে সাজিদ খানের বিষাক্ত স্পিন আক্রমণের মুখে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ। তৃতীয় দিন শেষে ৪০.৫ ওভারে ১০৩ রান তুলতেই ৬টি উইকেট হারিয়ে ফেলেছে স্বাগতিকরা। কাভেম হজ সর্বোচ্চ ৩৪ রান করেন। সাজিদ খান ইতোমধ্যে ৪টি এবং আলী ওসমান ২টি উইকেট নিয়েছেন। বর্তমানে ওয়েস্ট ইন্ডিজ দল মাত্র ৬০ রানে এগিয়ে রয়েছে এবং তাদের হাতে রয়েছে মাত্র ৪টি উইকেট।
জাস্টিন গ্রিভসের ৭৩ এবং রস্টন চেজের ৭০ রানের ওপর ভর করে প্রথম ইনিংসে ১০৫.৪ ওভারে ৩৪৪ রান সংগ্রহ করে ক্যারিবীয়রা। পাকিস্তানের হয়ে লেগ স্পিনার সাজিদ খান ৮৫ রানে ৪টি উইকেট শিকার করেন।
জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান দল প্রথম ইনিংসে ৩৮৭ রান তোলে এবং ৪৩ রানের লিড নিয়ে এগিয়ে ছিল । ওপেনার আব্দুল্লাহ শফিক দুর্দান্ত এক ইনিংস খেলে ৩২৩ বলে১৬০ রান করে অপরাজিত থাকেন। তাকে দারুণ সঙ্গ দেন বাবর আজম (৮৮) ও আজান আওয়াইস (৫৫)। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে জোমেল ওয়ারিকান ৪৬ ওভার বোলিং করে ১১২ রানের বিনিময়ে ৬টি উইকেট নেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

