প্রথম ও দ্বিতীয় বিভাগে অবনমন এড়াল ২০ ক্লাব

স্পোর্টস রিপোর্টার

প্রথম ও দ্বিতীয় বিভাগে অবনমন এড়াল ২০ ক্লাব

বিসিবি ও ক্লাবের দ্বন্দ্বে প্রথম ও দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগে অংশ নেয়নি সবগুলো দল। দুই লিগ মিলিয়ে ৪৪ দলের মধ্যে অংশ নিয়েছিল ২৪ টি। তাতে তৈরি হয়েছিল অচলাবস্থা। যদিও তা কাটাতে বিসিবির সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড ২০ দলকে অবনমন করে দেওয়ার নিয়ম চালু করেছিল। তবে নেতৃত্ব বদলের সঙ্গে সঙ্গে সিদ্ধান্তেও বদল এসেছে। এই দুই লিগে থাকছে না কোন অবনমন।

বিজ্ঞাপন

শনিবার প্রথম ও দ্বিতীয় বিভাগ লিগের মোট ৪৪ দল নিয়ে বৈঠকে বসেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। সেখানে অবনমন না রাখার ব্যাপারে সিদ্ধান্ত আসে। লিগে অংশ নেওয়া ২৪ দলের পক্ষ থেকে এই সিদ্ধান্ত এসেছে বলে জানা গেছে বৈঠকসূত্রে। সেই সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। ফলে এবারের প্রথম ও দ্বিতীয় বিভাগ লিগে কোন ধরনের অবনমন থাকছে না। বুলবুলের অধীনে থাকা বোর্ডের করা নিয়ম বাতিল করে অবনমন এড়াচ্ছে ২০ ক্লাব।

তবে এই দুই লিগে চ্যাম্পিয়ন ও রানার্স আপ হওয়া চার দলের উন্নতি হবে কি না তা এখনও চূড়ান্ত হয়নি। সভাপতি তামিমের সঙ্গে এই চার দলের সভা শেষে বিষয়টি নিয়ে হবে চূড়ান্ত সিদ্ধান্ত। যদি এই চার দলের উন্নতি হয় তাহলে প্রিমিয়ার ও প্রথম বিভাগ লিগে দুইটি করে দল বাড়তে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত জানতে অপেক্ষা করতে হবে ওই সভা হওয়া পর্যন্ত। মূলত প্রথম ও দ্বিতীয় বিভাগ লিগ পূর্ণাঙ্গভাবে না হওয়ায় অবনমন না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কিন্তু প্রিমিয়ার লিগ ও তৃতীয় বিভাগ পূর্ণাঙ্গভাবে আয়োজন করা হবে। এই দুই লিগে অবনমন ও উন্নতি রাখা হবে কি না এই মৌসুমে সেটা চূড়ান্ত করা হয়নি। মূলত ওই চার দলের উন্নতি হবে কি না এর উপরে নির্ভর করছে এই ব্যাপারটি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...