অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের আরেকটি টেস্ট অভিযানের আগে ফিরে এসেছে ২০০৩ সালের সেই ঐতিহাসিক সফরের স্মৃতি। তখন নবীন বাংলাদেশ দলের সামনে ছিল বিশ্ব ক্রিকেটের অন্যতম শক্তিশালী অস্ট্রেলিয়া। মাঠের লড়াইয়ে বড় ব্যবধান থাকলেও অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ ওয়াহর আচরণে মুগ্ধ হয়েছিল বাংলাদেশ দল।
২০০৩ সালের সিরিজের আগে অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটার ডেভিড হুকস এক কলামে বাংলাদেশকে নিয়ে তীব্র সমালোচনা করেছিলেন। তিনি মন্তব্য করেছিলেন, স্টিভ ওয়াহর দলের উচিত বাংলাদেশকে এক দিনের মধ্যেই হারিয়ে দেওয়া। সেই মন্তব্যে বলা হয়েছিল, বাংলাদেশ টেস্ট ক্রিকেটে থাকার যোগ্য নয় এবং অস্ট্রেলিয়ার উচিত তাদের কোনো ছাড় না দেওয়া।
ডারউইনে প্রথম টেস্টের আগে দুই দলের এক অনুষ্ঠানে সেই বিষয়টি উঠে আসে। বাংলাদেশের তৎকালীন অধিনায়ক খালেদ মাহমুদকে ডেকে স্টিভ ওয়াহ নিজেই বিষয়টি নিয়ে কথা বলেন। খালেদ মাহমুদের ভাষ্য অনুযায়ী, স্টিভ ওয়াহ তাকে বলেছিলেন, ‘এটা নিয়ে চিন্তা করো না। এটা শুধু একজন পাগলের কথা। আমি বিশ্বাস করি, তোমরা এর চেয়ে অনেক ভালো দল এবং আমাদের বিপক্ষে ভালো খেলবে।’
অস্ট্রেলিয়ার অধিনায়কের এমন কথায় আত্মবিশ্বাস বেড়ে গিয়েছিল বলে জানান খালেদ। তার মতে, মাঠে অস্ট্রেলিয়া ছিল কঠোর প্রতিপক্ষ, কিন্তু আচরণে ছিল পুরোপুরি পেশাদার। তিনি বলেন, অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের স্লেজিংয়ের কথা অনেক শুনেছিলেন তারা। কিন্তু মাঠে স্টিভ ওয়াহর দল কখনো সীমা ছাড়ায়নি। পরিকল্পনা ও পেশাদারিত্ব দিয়েই তারা খেলেছিল।
সেই সফরের আরেকটি স্মৃতিও এখনো খালেদ মাহমুদের মনে গেঁথে আছে। ম্যাচ শেষে স্টিভ ওয়াহ বাংলাদেশ দলকে অস্ট্রেলিয়ার ড্রেসিংরুমে আমন্ত্রণ জানিয়েছিলেন। কিংবদন্তি ক্রিকেটারদের সঙ্গে কথা বলা, অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার সেই সুযোগকে তিনি জীবনের অন্যতম সেরা মুহূর্ত হিসেবে দেখেন। খালেদের মতে, ২০০৩ সালে অস্ট্রেলিয়া ও বাংলাদেশের ব্যবধান ছিল অনেক বেশি। কিন্তু সময় বদলেছে। এখন বাংলাদেশ তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে।
অস্ট্রেলিয়া সফরে নামার আগে বর্তমান বাংলাদেশ দলকে তার পরামর্শ, ‘প্রতিটি মুহূর্ত উপভোগ করতে হবে।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

