নোয়াখালীর সোনাইমুড়ীতে চায়ের দোকানে বসে থাকা জামাল উদ্দিন (৬০) নামে এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালিয়েছে কালো পোশাক ও হেলমেট পরা দুই দুর্বৃত্ত। তাঁর বাম পা ও রান গুলি বিদ্ধ হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
শনিবার রাত সাড়ে ১০টার দিকে সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়নের ঘোষকামতা গ্রামের বটতলী এলাকার সালাউদ্দিনের চায়ের দোকানে এ হামলার ঘটনা ঘটে। গুলিবিদ্ধ জামাল উদ্দিন ওই গ্রামের মিজি বাড়ির মৃত সাখায়েত উল্যার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জামাল উদ্দিন সাবেক এক প্রবাসী। কয়েক বছর আগে তিনি নাটেশ্বর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে এলাকায় প্রচারণা ও পোস্টারিং করেছিলেন। তার একাধিক ছেলেও বর্তমানে প্রবাসে থাকেন। শনিবার রাতে তিনি বাড়ির পাশে বটতলী এলাকার একটি চায়ের দোকানে বসে ছিলেন। ওই সময় মোটরসাইকেলে করে আসা কালো পোশাক ও মাথায় হেলমেট পরা দুই ব্যক্তি দোকানের সামনে থামেই জামাল উদ্দিনকে লক্ষ্য করে গুলি চালিয়ে দ্রুত সটকে পড়ে।
তাঁকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. রাজীব আহমেদ চৌধুরী জানান, রাত ১২টার দিকে গুলিবিদ্ধ জামাল উদ্দিন হাসপাতালে ভর্তি হন। তাঁর বাম পা ও রানে গুলির আঘাত রয়েছে। তবে বর্তমানে তিনি আশঙ্কামুক্ত।
সোনাইমুড়ী থানার ওসি কবির হোসেন বলেন, ‘খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলার মূল কারণ এখনো জানা যায়নি; বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।’
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

